হাসিনা সরকার চোরাবালির মধ্যে দাঁড়িয়ে আছে : নজরুল ইসলাম খান

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, হাসিনা সরকার চোরাবালির মধ্যে দাঁড়িয়ে আছে। যতই নড়ছে, ততই ডুবছে। আরো ডুববে।

আজ রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সংগঠনের সহ-সভাপতি নবী উল্লাহ নবী ও তানভীর আদেল খান বাবুর গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি একথা বলেন।

ঢাকা মহানগরের নেতাকর্মীদের উদ্দেশে নজরুল ইসলাম বলেন, ত্যাগী ও সাহসী নেতাকর্মীদের নিয়ে কমিটি করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশ পেলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনের বিকল্প নেই।

সরকার খালেদা জিয়ার হাতকে দুর্বল করার জন্য বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে মন্তব্য করে তিনি বলেন, গ্রেফতার করে সরকারের শেষ রক্ষা হবে না। যতো বেশি গ্রেফতার করা হবে এই সরকারের পতন ততো তাড়াতাড়ি ত্বরান্বিত হবে।

তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর মত আচরণ করছে। কিন্তু তারা জানে না তাদের শেষ রক্ষা হবে না, তারা আর বেশিদিন টিকবে না। যেমন টেকেনি পাকিস্তানি শাসকগোষ্ঠী। এটাই ইতিহাস, এটাই বাস্তবতা।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, প্রতিটি স্বৈরাচার সরকারের শেষ ইচ্ছা থাকে বিচার বিভাগ নিয়ন্ত্রণ করা। এই সরকারও তাই করছে। কিন্তু বিএনপি বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে।

আয়োজক সংগঠনের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রমুখ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top