আওয়ামী কানেকশনের অভিযোগের প্রেক্ষিতে বিএনপিতে শুদ্ধি অভিযান শুরু

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  দলের শৃঙ্খলা ফেরাতে ও তৃণমূলের নেতাকর্মীদের আস্থা ধরে রাখতে এবার দলে শুদ্ধি অভিযান শুরু করেছে বিএনপি। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া, গোপনে যোগাযোগ রাখা কিংবা বিভিন্নভাবে সহযোগিতার অভিযোগে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক অ্যাকশন নিচ্ছে দলটি। তথ্য-প্রমাণ মিললেই করা হচ্ছে বহিষ্কার। এরই অংশ হিসেবে সম্প্রতি বিএনপি এবং এর অঙ্গসংগঠনের অন্তত দেড় ডজন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সূত্র বলছে, আসছে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে শেখ হাসিনা রাজনৈতিকভাবে আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছেন—এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতা ঠেকাতে সতর্ক অবস্থানে বিএনপি। সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগ ওঠার পর দলটির তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ আসতে থাকে। এসব অভিযোগের মধ্যে রয়েছে- বিএনপির কিছু নেতা ব্যক্তিগত ও আর্থিক স্বার্থে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এ পরিস্থিতিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জাতীয়তাবাদী আদর্শের কোনো প্রকৃত কর্মী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে না। আওয়ামী লীগের বিতর্কিত নেতাকর্মীদের আশ্রয় দিলে জনগণের কাছে বিএনপির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। এই উপলব্ধি থেকে আজীবন বহিষ্কারের মতো চরম শাস্তিমূলক ও আইনানুগ ব্যবস্থার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিএনপি।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের এমপি রুহুল কুদ্দুস তালুকদার দুলু  বলেন, আমি নির্বাচনের আগে থেকেই বলে আসছি যে, আওয়ামী লীগ হলো কার্যক্রম নিষিদ্ধ দল। তবুও আজকে আওয়ামী লীগ বিভিন্নভাবে আনাচে-কানাচে বা গ্রামে, পাড়া-মহল্লায় লুকিয়ে থেকে তারা বিএনপির আত্মীয়স্বজনের নাম দিয়ে বিভিন্ন জায়গায় আনাগোনা করছে। এ বিষয়ে আমাদের কথা পরিষ্কার—বিএনপির যারাই আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেবে দলীয়ভাবে পার্টিতে তাদের কোনো স্থান হবে না। আমি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানাবো—বিএনপির যারাই নিষিদ্ধ সংগঠনের সঙ্গে থাকবে প্রয়োজনে আওয়ামী লীগের সঙ্গে তাদেরও সমস্ত সন্ত্রাসী মামলায় গ্রেপ্তার করা হবে। যদি বিএনপির কেউ আশ্রয় প্রশ্ন না দেই আওয়ামী লীগের কোনো চিহ্ন বাংলাদেশে থাকবে না।

তিনি আরও বলেন, আমি মনে করি- বিএনপির সমস্যা হচ্ছে বিএনপি। বিভিন্ন জায়গায় আমাদের অন্তর্দ্বন্দ্বের কারণে দেখা যাচ্ছে, ধরেন আমি যে এলাকার এমপি ওখানে একটা গ্রুপ এবং বাংলাদেশের বেশিরভাগ জায়গায় একটি গ্রুপ আমাদের বিরুদ্ধে কাজ করছে। দলের হাইকমান্ডের উচিত যে, এসব লোককে চিহ্নিত ও তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া।

সূত্র জানায়, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কেউ আশ্রয় বা সহযোগিতা করলে তার বিরুদ্ধে বহিষ্কারের মতো কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান। দল ও অঙ্গসংগঠনের নেতাদেরও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এরই মধ্যে জেলা পর্যায়েও এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এক অনুষ্ঠানে বলেছিলেন, আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে দেশে এসে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। আর বিএনপির কিছু স্বার্থান্বেষী ব্যক্তি অর্থের বিনিময়ে তাদের আশ্রয় দিচ্ছেন। দলের কেউ এ ধরনের কাজে জড়িত থাকলে তার বিষয়ে তথ্য দিতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিক কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এরপর থেকেই বিএনপির ভেতরে আলোচনা শুরু হয়, দলের কোন কোন নেতা আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতা করছেন এবং কারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা, তাদের আশ্রয় দেওয়া, গ্রেপ্তারের পর থানা থেকে ছাড়িয়ে আনার চেষ্টা কিংবা জামিনের জন্য তদবির করার অভিযোগও খতিয়ে দেখছে বিএনপির হাইকমান্ড। এসব অভিযোগের তথ্য-প্রমাণ সংগ্রহ করে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। অভিযোগ যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সর্বশেষ গত বুধবার বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, সম্প্রতি বগুড়ার আদালতের হাজতখানায় বিএনপি নেতা অ্যাডভোকেট শাহীন হত্যা মামলার প্রধান আসামি ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আমিনুল ইসলামের সঙ্গে মিজানুর রহমানের সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভ তৈরি হয়। পরে তাকে বহিষ্কার করে বিএনপি।

বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, আওয়ামী লীগের সঙ্গে ন্যূনতম যোগাযোগ থাকা, আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের চেষ্টা করলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশকেও সহায়তা করবে বিএনপি। এ ধরনের কর্মকাণ্ড কেন্দ্রের পাশাপাশি তৃণমূলকে সঙ্গে সম্মিলিতভাবে প্রতিহত করার কথাও বলেন কেউ কেউ।

এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু  বলেন, দলের কেউ যদি খুনিদের সঙ্গে সম্পর্ক রাখে, জ্বালাও-পোড়াও এবং নাশকতাকারীদের সহায়তা করে তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠিনকভাবে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান সারা দেশের নেতাকর্মীদের ফ্যাসিস্টদের সহায়তা না করার বার্তা দিয়েছেন। তার নির্দেশনা ও সতর্কতা পালনে কেউ ব্যর্থ হলে সাংগঠনিক নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হবে।

দলীয় সূত্র জানায়, শুধু ‘ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের’ সঙ্গে যোগাযোগের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে বহিষ্কার করেই থেমে থাকছে না বিএনপি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হচ্ছে। পাশাপাশি বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীকে সতর্ক করা হয়েছে। কেউ এ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধেও একই ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে জেলার নেতাদের উপজেলা, থানা ও ইউনিয়নের কোনো নেতা আওয়ামী লীগকে সহযোগিতা করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে দায়িত্বপ্রাপ্ত) তারিকুল আলম তেনজিং  বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কেবল শুরু হয়েছে। তাদের সঙ্গে বিএনপির কারও সম্পর্ক থাকুক, তা হাইকমান্ড চায় না। ভবিষ্যতেও আওয়ামী লীগকে গোপনে সহায়তা, চিহ্নিত সন্ত্রাসী কিংবা নাশকতার মামলার আসামিদের সহযোগিতার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেলে, তা যাচাই করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৯-২২ নভেম্বর প্রায় তিন দিন ধরে পাবনার বেড়া পৌর এলাকায় আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় কয়েকজন আহত হন এবং আওয়ামী লীগের পাঁচ সমর্থককে আটক করে পুলিশ। এ পরিস্থিতিতে আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগে গত ২২ নভেম্বর রাতে বেড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন খাজাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে পাবনা জেলা বিএনপি। পরদিন ২৩ নভেম্বর আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও পুলিশের অভিযানে বাধা দেওয়ায় সিলেটের কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য এবং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি আফসর হোসেনকে দল থেকে বহিষ্কার করে সিলেট জেলা বিএনপি। উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়েও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রের দাবি।

অভিযোগ উঠেছে, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের সহিংসতা-নাশকতার মামলা, জুলাই হত্যাকাণ্ডের মামলা কিংবা আওয়ামী লীগ আমলে হামলা-নির্যাতনের সঙ্গে জড়িতরা গ্রেপ্তারের পর স্থানীয় বিএনপি নেতারা তাদের ছাড়িয়ে নিতে থানায় হস্তক্ষেপ করছেন। কেউ ব্যক্তিগত স্বার্থে, কেউ আর্থিক লেনদেনের বিনিময়ে, আবার কেউ আত্মীয়তার সম্পর্কের কারণে আওয়ামী লীগের পলাতক বা অভিযুক্ত নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।

যদিও তৃণমূলের কেউ কেউ বলছেন, এ ধরনের কর্মকাণ্ডে শুধু স্থানীয় পর্যায়ের নেতারা নন, দলের প্রভাবশালী ব্যক্তিদের কারও কারও নামও আলোচনায় রয়েছে। তাদের দাবি, আওয়ামী লীগের সুবিধাভোগীদের সঙ্গে বিভিন্ন অভিজাত হোটেলে বিএনপির কিছু নেতার নিয়মিত যোগাযোগ ও সাক্ষাৎ হচ্ছে। অথচ ত্যাগী নেতাকর্মীদের অনেকেই তাদের সঙ্গে দেখা করার সুযোগ পান না। শুধু তৃণমূল নয়, দলের সব পর্যায়ে অনুপ্রবেশকারী ও ব্যক্তিস্বার্থে দলীয় অবস্থান ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এতে দলের সাংগঠনিক শৃঙ্খলা ফিরবে এবং ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের সুযোগ বাড়বে।

অবশ্য তারা এ-ও বলছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয়দাতা কিংবা সহযোগিতাকারীদের ছাড় না দেওয়ার যে নীতি গ্রহণ করা হয়েছে, তা বাস্তবায়নে কেন্দ্রীয় নজরদারি আরও জোরদার করতে হবে।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম  বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ যেন সহায়তা না করে, সে ব্যাপারে কেন্দ্র থেকে সর্তক করা হয়েছে। তারা যেন দলেও অনুপ্রবেশ করতে না পারে, সে ব্যাপারেও কঠোর বার্তা রয়েছে। আবার কেউ আওয়ামী লীগকে সহযোগিতা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা আছে।

অঙ্গসংগঠনে বহিষ্কার আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় ও সহযোগিতার অভিযোগে বিএনপির পাশাপাশি অঙ্গসংগঠনগুলোও সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে কুমিল্লা সীমান্তের অবৈধ পথ দিয়ে ভারতে পালিয়ে যান নিষিদ্ধ ছাত্রলীগ কুমিল্লা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। সেখানে আড়াই বছর আত্মগোপনে থাকার পর শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে প্রায় দেড় মাস আগে বাংলাদেশে ফেরেন তিনি। পরে বারপাড়া এলাকার যুবদল কর্মী আজহারুল ইসলাম সোহাগের বাড়িতে আশ্রয় নিয়ে গোপনে সাংগঠনিক তৎপরতা শুরু করেন মোশাররফ হোসেন। গত মঙ্গলবার রাত ৩টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ ঘটনায় গত বুধবার যুবদল কর্মী আজহারুল ইসলামকে বহিষ্কার করে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল। সোহাগ নিজেকে বারপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে পরিচয় দিতেন। জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের অন্যতম অনুসারী ছিলেন মোশাররফ হোসেন। তার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের একাধিক মামলার আসামি ও নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।

এ ছাড়া আওয়ামী লীগকে সহায়তার অভিযোগে সম্প্রতি যুবদলের আরও আট নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন কক্সবাজার জেলা যুবদলের মৎস্য ও পশু পালনবিষয়ক সম্পাদক সজীব আলী, রাজশাহীর ভবানীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজাউল, ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান আনিস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক এন এ বাবুল, তথ্য যোগাযোগ ও বিজ্ঞানবিষয়ক সহসম্পাদক মো. সারোয়ার, ঢাকার রমনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা হাওলাদার মুক্তা এবং কুমিল্লা দক্ষিণ জেলার আদর্শ উপজেলার সদস্য বাবুল মিয়া। এদের মধ্যে আনিসুর রহমান ও রবিউল ইসলাম তুহিনের বহিষ্কারাদেশ পরে প্রত্যাহার করা হয়েছে।

যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম সোহেল  বলেন, বর্তমানে কেন্দ্রীয় দপ্তরে এ ধরনের অভিযোগ তেমন নেই। তৃণমূল পর্যায়ে কিছু অভিযোগ ছিল। সেগুলোর বিষয়ে জেলাগুলোকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ কিংবা ফ্যাসিস্টদের সহযোগিতার অভিযোগে যে পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধেই তথ্য-প্রমাণ পাওয়া যাবে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিন্দুমাত্র ছাড় দেবে না সংগঠন।

এ ছাড়া এর আগে গত ১১ নভেম্বর মাধবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুর আলমকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে থানায় তদবির করার অভিযোগ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হওয়ার পরপরই তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। বিএনপির নেতারা বলছেন, দলের ভাবমূর্তি রক্ষা, সাংগঠনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং তৃণমূলের নেতাকর্মীদের আস্থা ধরে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

Share this post

scroll to top