যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৪ লাখ টন গম কিনছে বাংলাদেশ সরকার

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে চার লাখ ৪০ হাজার টন গম আমদানি করবে বাংলাদেশ। এতে ব্যয় হবে প্রায় এক হাজার ৯০৯ কোটি টাকা। প্রতি টন গমের দাম পড়বে ৩৪৭ দশমিক ৭৫ ডলার। প্রতি কেজি গমের জন্য সরকারের ব্যয় হবে ৪৩ টাকা ৩৮ পয়সা।

গত বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় বৈঠকের এজেন্ডা ও সিদ্ধান্ত প্রকাশ করেছে। 

ইউএস হুইট অ্যাসোসিয়েটসের অনুমোদিত প্রতিষ্ঠান এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের কাছ থেকে সরকার এই গম আমদানি করবে। অনুমোদিত পরিমাণের সঙ্গে প্রয়োজনে আরও ১০ শতাংশ গম আমদানির সুযোগ রাখা হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহের অনিশ্চয়তার মধ্যে আগামী জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের জন্য উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ছয় লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। ওই পরিমাণ ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন কিনতে ব্যয় হবে প্রায় আট হাজার কোটি টাকা।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক ট্রাফিগুরা পিটিই লিমিটেডের কাছ থেকে প্রায় তিন হাজার ৪৯৪ কোটি টাকার হাই সালফার ফার্নেস অয়েল কেনা হবে। একই কোম্পানি থেকে দুটি প্যাকেজে ডিজেল কেনা হবে। একটি প্যাকেজে ব্যয় হবে প্রায় ৯৬০ কোটি টাকা, অন্যটিতে এক হাজার ৪৪৫ কোটি টাকা। এ ছাড়া ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে প্রায় দুই হাজার ১১১ কোটি টাকার অকটেন কেনা হবে।

সার, চিনি ও ডালঃ
সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগভর্তি গ্র্যানুলার ইউরিয়া এবং কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের (সিসিসি) কাছ থেকে জি টু জি চুক্তির আওতায় ৪০ হাজার টন এমওপি সার আমদানি করবে সরকার। এর বাইরে স্থানীয়ভাবে ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত হয়েছে।

দুই বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফঃ
বিদ্যুৎ বিভাগের দুটি প্রস্তাবে কয়লাভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ ক্রয় চুক্তি অনুযায়ী শুল্ক কাঠামো ও লেভেলাইজড ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানির পায়রা এক হাজার ৩২০ মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎকেন্দ্রের লেভেলাইজড ট্যারিফ নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৭ দশমিক ৯৮৫৮ সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায় ছয় টাকা ৭৮ পয়সা। এর মধ্যে ক্যাপাসিটি চার্জ ৩ দশমিক ১০৭৮ সেন্ট এবং জ্বালানি খরচ ৪ দশমিক ৮৭৮০ সেন্ট।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির রামপাল এক হাজার ৩২০ মেগাওয়াটের মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফও অনুমোদন পেয়েছে। আইওডি থেকে সিওডি পর্যন্ত প্রতি কিলোওয়াট ঘণ্টার ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ৮ দশমিক ২৮২৮ সেন্ট বা ৯ টাকা ১১ পয়সা। সিওডির পর এ হার হবে ৮ দশমিক ১৬৪৮ সেন্ট বা আট টাকা ৯৮ পয়সা।

রেলপথ ডুয়েলগেজের ক্রয় প্রস্তাব অনুমোদনঃ
চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর প্রকল্পের দুটি প্যাকেজে মোট চার হাজার ৬২৯ কোটি টাকার কাজ অনুমোদন পেয়েছে। চট্টগ্রাম থেকে গোমদণ্ডী পর্যন্ত রেলপথ রূপান্তর এবং পাহাড়তলী-ঝাউতলা ডুয়েলগেজ লাইন নির্মাণের কাজ পেয়েছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এ কাজের চুক্তিমূল্য দুই হাজার ৭১৭ কোটি ৯১ লাখ টাকা।

অন্যদিকে গুমদণ্ডী থেকে দোহাজারী অংশের কাজ পেয়েছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড (সিআরইসি)। এ কাজের চুক্তিমূল্য এক হাজার ৯১১ কোটি ৪৮ লাখ টাকা। কর্ণফুলী টানেল (আনোয়ারা) থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়নে ১৬৮ কোটি এক লাখ ৩৩ হাজার ৯৩০ টাকা ব্যয় হচ্ছে। এ অর্থে বিদ্যমান সড়ক উন্নয়নের পাশাপাশি নির্মাণ করা হবে নতুন ২ দশমিক ৫০ কিলোমিটার সড়ক। একই সঙ্গে ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জের সড়ক, সেতু ও কালভার্ট পুনর্বাসন এবং পুনর্নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ১৪৯ কোটি টাকা।

অর্থনৈতিক বিষয়সংক্রান্ত কমিটির বৈঠকঃ
একই দিন অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়। এই বৈঠকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ২০২৬-২৭ অর্থবছরে মাঠ পর্যায়ে নিরবচ্ছিন্ন টিকা সরবরাহ নিশ্চিত করতে সরাসরি ক্রয় পদ্ধতিতে ভ্যাকসিন কেনার প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর মাধ্যমে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় ছয় মাসের পাঁচ ধরনের টিকা কিনতে ৫৩৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হবে। 

বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে কম্বল কেনার প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর আওতায় শীতার্ত, অসহায় ও দুর্যোগকবলিত মানুষের মধ্যে বিতরণের জন্য বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে প্রায় ৪৭ কোটি টাকার কম্বল কিনবে সরকার। 

Share this post

scroll to top