ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশী হিন্দু ধর্মাবলম্বীদের এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়াকে নির্বাচিত বিএনপি সরকারের উল্লেখযোগ্য সাফল্য হিসেবে উল্লেখ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি বলেছেন, ফ্যাসিস্ট শাসনামলসহ সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এ বছর সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন ছাত্রদল সেক্রেটারি। পোস্টে তিনি দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার পেছনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
নাসির উদ্দিন নাসির লেখেন, ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে প্রধানমন্ত্রী ধর্মীয় সম্প্রীতি, সহাবস্থান ও সব সম্প্রদায়ের নিরাপত্তার প্রতি তাঁর অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছেন। একই সঙ্গে উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরলস দায়িত্ব পালন এবং সতর্ক নজরদারি প্রশংসার দাবি রাখে।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে ছাত্রদল সেক্রেটারি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া তথ্য এবং ব্যক্তিগতভাবে নোয়াখালীর সদর ও সুবর্ণচরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের অভিজ্ঞতা থেকে তাঁর পর্যবেক্ষণ, এবারের দুর্গাপূজা শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
পোস্টে তিনি বলেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা ও মর্যাদা সবার।’ সাম্প্রদায়িক সম্প্রীতির এই অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে নাসির সব ধর্মের মানুষের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করার মধ্য দিয়ে গণতান্ত্রিক, মানবিক ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
পোস্টের শেষে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানও উল্লেখ করেন ছাত্রদল সেক্রেটারি।

