ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে টোকিওতে থাকছেন না দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তাঁকে ঢাকায় ফিরতে হয়েছে। তাঁর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর সফরের কূটনৈতিক কার্যক্রম ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলাম।
আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর করবেন। সফরের প্রস্তুতি ও ব্যবস্থাপনা তদারকির জন্য বিশেষ দায়িত্ব দিয়ে নজরুল ইসলামকে টোকিও পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানিয়েছে, তিনি ইতোমধ্যে জাপানে পৌঁছেছেন এবং প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবেন। সূত্র জানায়, গত ১৫ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠিতে সফরসংক্রান্ত আলোচনার জন্য রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় ডেকে পাঠানো হয়। দুই দিনের মধ্যে দেশে ফেরার নির্দেশ পেয়ে তিনি টোকিও থেকে ঢাকায় ফেরেন। প্রায় এক সপ্তাহ ধরে তিনি ঢাকায় অবস্থান করছেন। তবে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতিমূলক কার্যক্রমে তাঁকে যুক্ত রাখা হয়নি বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।
সরকারের এক কর্মকর্তা বলেন, উচ্চপর্যায়ের সফরের আগে সংশ্লিষ্ট দেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনার ঘটনা বিরল। তবে কী কারণে দাউদ আলীকে ফিরতে বলা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
সাবেক ও বর্তমান কূটনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দশকে কোনো প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ দেশ সফরের সময় সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের অনুপস্থিত থাকার নজির তাঁদের জানা নেই। দায়িত্বে থাকা রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে এনে তাঁর পরিবর্তে অন্য কর্মকর্তাকে সফরের সমন্বয়ের দায়িত্ব দেওয়ার ঘটনাও তাঁদের কাছে অজানা।
ঢাকা ও টোকিওর কূটনৈতিক সূত্র জানায়, নজরুল ইসলাম জাপানে অবস্থান করে সফরের দ্বিপক্ষীয় বিষয়গুলো তদারকি করবেন এবং কূটনৈতিক সহযোগিতা নিশ্চিত করবেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা ও বিভিন্ন কর্মসূচির প্রস্তুতিও তাঁর দায়িত্বের আওতায় থাকবে।
সফরসূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
দাউদ আলী ও নজরুল ইসলাম দুজনই ১৫তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার আগে দাউদ আলী রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। চলতি বছরের ৭ ডিসেম্বর তাঁর অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ এই সফরের আগে রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনা এবং সফরের সমন্বয়ের দায়িত্ব অন্য কর্মকর্তাকে দেওয়ার বিষয়টি কূটনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছে। তবে এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ এখন পর্যন্ত জানানো হয়নি।

