১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

 

তিনি বলেন, বর্তমানে দেশের মানুষ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিয়ে কষ্টে আছে। এই পরিস্থিতির জন্য সরকার শুধু কথার আড়ালে প্রকৃত সত্য লুকাতে চায় না। ভুল নীতির অনিবার্য পরিণতি এবং সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বুধবার জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিরোধী দলীয় (জামায়াতে ইসলামী) সদস্য মো. নুরুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা প্রায় ১২ হাজার মেগাওয়াট। এ পরিমাণ বিদ্যুৎ শুধু গ্যাস দিয়ে উৎপাদন করতে হলে প্রতিদিন প্রায় ১ হাজার ৯০০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। অথচ দেশীয় উৎপাদন ও আমদানি করা এলএনজি মিলিয়ে বর্তমানে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব। সব গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করলে শিল্প ও গৃহস্থালি খাতে গ্যাস সরবরাহ ব্যাহত হবে। তাই বিদ্যুৎ, শিল্প ও গৃহস্থালি- এ তিন খাতের মধ্যে ভারসাম্য রেখে গ্যাস সরবরাহ করতে হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে পায়রা বিদ্যুৎকেন্দ্রের ৬১৬ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ রয়েছে। একই ক্ষমতার মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের আরেকটি ইউনিট রক্ষণাবেক্ষণে রয়েছে। এ দুটি বিদ্যুৎকেন্দ্র দ্রুত পূর্ণ ক্ষমতায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আদানির সঙ্গে বিগত সরকারের করা চুক্তির প্রসঙ্গ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, চুক্তি অনুযায়ী ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা থাকলেও বর্তমানে দিনের বেলায় প্রায় ৯০০ মেগাওয়াট এবং সন্ধ্যায় প্রায় ১ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।

Share this post

scroll to top