ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ভবিষ্যতে তরুণরা দেশ ও জাতির কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
রোববার (৩০ আগস্ট) সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পশ্চিম ক্যাম্পাসে তিনটি নতুন ভবনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, দেশের দারিদ্র্য দূরীকরণে তরুণদের এগিয়ে আসতে হবে। দেশ ও জাতির উন্নয়নে তরুণদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উদ্বোধন শেষে সেনাপ্রধান ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি বিইউপির পশ্চিম ক্যাম্পাস ও শিক্ষার্থীদের আবাসিক এলাকা ঘুরে দেখেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থী ও শিক্ষকদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি একাডেমিক, প্রশাসনিক ও গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে নতুন ভবনগুলো নির্মাণ করা হয়েছে। এসব অবকাঠামো শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা, গবেষণা ও সৃজনশীল চর্চার সুযোগ বাড়াতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিইউপি সিনেটের সদস্য, সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা, বিইউপির সাবেক উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
