ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আপামর ধর্মপ্রাণ মুসলিম অভিভাবকদের অমতে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রাথমিক ও মাধ্যমিকে সংগীত শিক্ষা চালু করলে তা মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করবে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান।
বৃহস্পতিবার গণমাধ্যমে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হকের পাঠানো যৌথ বিবৃতিতে হেফাজত নেতৃদ্বয় এসব মন্তব্য করেন।
সংস্কৃতিমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিবৃতিতে তারা বলেন, ইসলামে বাদ্যযন্ত্র অনুমোদিত নয়; বিধায় প্রাথমিক ও মাধ্যমিকে ঢালাওভাবে সংগীত শিক্ষার বিষয়টি আপামর ধর্মপ্রাণ মুসলিম অভিভাবকদের কাছে প্রধানত একটি ধর্মীয় ইস্যু। ফলে তাদের মতামত উপেক্ষা করে ক্লাসে গান-বাজনার শিক্ষা দিলে তা মুসলিম শিশু-কিশোরদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করবে।
তারা আরও বলেন, সংগীত শিক্ষার জন্য দেশে বিভিন্ন বিশেষায়িত প্রতিষ্ঠান রয়েছে। কোনো অভিভাবক যদি তার সন্তানকে সংগীত শিক্ষা দিতে চান, তিনি সেখানে তার সন্তানকে সংগীত শেখানোর ব্যবস্থা করতে পারেন।
নেতৃদ্বয় বলেন, সংগীত শিক্ষা প্রতিটি শিশু-কিশোরের জন্য আবশ্যক নয়। কিন্তু ইমানদার ও নীতিবান মানুষ হিসাবে বেড়ে ওঠার জন্য ধর্মশিক্ষা তাদের জন্য অপরিহার্য। দুটোর মধ্যে তুলনা চলে না। ফলে ওলামায়ে কেরাম অনেক আগ থেকেই প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে এসেছেন।
