ভোটের জন্য দেশের জনগণ প্রস্তুত : প্রধান উপদেষ্টা

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভোটের জন্য দেশের জনগণ প্রস্তুত, ১৭ বছর পর ইতিহাসের সুন্দর নির্বাচন হবে। আজ বুধবার (১১ জুন) লন্ডনে চ্যাথাম হাউজের সংলাপ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, ঘোষিত সময়টি নির্বাচনের সঠিক সময়। আগামী জুলাই মাসে ‘জুলাই সনদ’ জাতির সামনে উপস্থাপন করা হবে।

এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে পাসপোর্ট প্রাপ্তি সুবিধাসহ তার সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি বলেন, আগে পাসপোর্টসহ বিভিন্ন সরকারি সেবা পেতে ‘মাধ্যম’ প্রয়োজন হতো। যার মাধ্যমে দুর্নীতির সুযোগ তৈরি হতো। এখন সরকারি বিভিন্ন সেবা অনলাইনের মাধ্যমে প্রদান করা হচ্ছে, যাতে সবাই সহজেই সেবা নিতে পারেন।

রোহিঙ্গা ইস্যুতে করা এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, সাত বছর আগে রোহিঙ্গারা যারা বাংলাদেশে এসেছিল তাদের অনেকে পাঁচ মাস বয়সী থেকে শুরু করে ৫ বছর বা ৭ বছর বয়সীও ছিলো। তারা সবাই আজ যুবক বা কিশোর। এখন মার্কিন সরকার বিভিন্ন কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করে দেওয়ার পর প্রশ্ন উঠেছে তাদের ভরণপোষণ দেবে কারা। তাদের তো থাকার নির্দিষ্ট সময়ও নেই। বিষয়টি নিয়ে তার সরকার গুরুত্ব সহকারে কাজ করছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, নির্বাচনের পর নির্বাচিত সরকারের কোনো দায়িত্বে তার থাকার কোন ইচ্ছে নেই। এ সময় সব দলের অংশগ্রহণের একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এছাড়া নারীদের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা।

Share this post

scroll to top