নাজমুল হুদার ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দেওয়ার নির্দেশ আপিল বিভাগের

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বিএনপির বহিষ্কৃত নেতা ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন ‘তৃণমূল বিএনপি’কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়ার হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। 

আজ রবিবার (১৮ ডিসেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। 

এ তথ্য জানিয়েছেন নাজমুল হুদার আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। আদালতে ইসির পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ ইয়াছিন। 

অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক  জানান, হাইকোর্ট তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে নির্বাচন কমিশন। আজ ইসির লিভ টু আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতেই হবে।

এর আগে ২০১৮ সালের ৪ঠা নভেম্বর নাজমুল হুদার নেতৃত্বাধীন তৃণমূল বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার নির্দেশ  দেন  হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ রুলের শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান ও আইনজীবী শাহদীন মালিকের মতামত  নিয়েছিলেন হাইকোর্ট।

ওই বছরের ১৪ই জুন তৃণমূল বিএনপির নিবন্ধনের আবেদন প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন নাজমুল হুদা।

Share this post

scroll to top