
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলন আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম ২০২৬ এর পার্শ্ববৈঠকে মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে পাকিস্তানের সক্রিয় ভূমিকার প্রশংসা করেছে বাংলাদেশ।
শুক্রবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ ধন্যবাদ জানান।
শনিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বৈঠকের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গালফ অঞ্চলে চলমান উত্তেজনাকর পরিস্থিতি এবং তা নিরসনের কার্যকর উপায়গুলো নিয়ে নিবিড় আলোচনা করেছেন। বৈঠকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ক্ষেত্রে পাকিস্তানের প্রচেষ্টাকে সাধুবাদ জানায় বাংলাদেশ। এ ছাড়া বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে দুই নেতা ঐকমত্য পোষণ করেন।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
দুই দেশের প্রতিনিধিরা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।


