ক্যাপ্টেন(অবঃ) মারুফ রাজুঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসী পদক্ষেপ সম্পূর্ণভাবে প্রতিহত করতে সক্ষম। আফগানিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বৃহস্পতিবার পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, মাতৃভূমির সুরক্ষার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং প্রতিটি আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হবে।
তার এই বক্তব্য এমন সময় এসেছে, যখন আফগানিস্তান সীমান্তে দুই দেশের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে এবং পাকিস্তানের পক্ষ থেকে বিমান হামলা চালানোর তথ্য সামনে এসেছে।
পাকিস্তান জানিয়েছে, তারা আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার ও পাকতিয়া অঞ্চলে হামলা চালিয়েছে।
এর আগে আফগান তালেবান সীমান্তসংলগ্ন পাকিস্তানি সামরিক চৌকিগুলোর বিরুদ্ধে বড় ধরনের অভিযানের ঘোষণা দেয়। পরদিন সকালে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফ সীমান্তে শুরু হওয়া সামরিক পদক্ষেপকে তালেবানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে উল্লেখ করেন।
পরবর্তীতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও জানান, তালেবানকে কঠোরভাবে দমন করতে পাকিস্তান সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।




