চট্টগ্রাম প্রতিনিধি ( ১ আগস্ট ২০২৫):
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় পানি নিষ্কাশনকে কেন্দ্র করে ১৯ জুন ২০২৫ ইং তারিখে সংঘটিত এক সহিংস ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
টানা ভারী বর্ষণে বাড়ির উঠানে পানি জমে যাওয়ায় শাকিলা ইয়াসমিন নামের এক নারী পানি নিষ্কাশনের উদ্যোগ নেন। অভিযোগ রয়েছে, এ সময় প্রতিবেশী নুরুল করিম ও তার ছেলে তানজিম হাসান সাজিত ধারালো কোদালসহ অস্ত্র নিয়ে শাকিলার ওপর হামলা চালান। শাকিলাকে চুল ধরে টেনে কাদায় ফেলে দেওয়া হয় এবং এলোপাতাড়ি লাথি, ঘুষি ও কোদাল দিয়ে আঘাতের চেষ্টা করা হয়। এতে তার হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়।
শাকিলার চিৎকারে তার মা, চাচী ও আট মাসের অন্তঃসত্ত্বা চাচাতো বোন শাহারিয়া এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। আহতদের মধ্যে অন্তঃসত্ত্বা নারীসহ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নেওয়া হয়।
ঘটনার পরদিন ২০ জুন ২০২৫ ইং তারিখে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে এসআই শাহী নুর তদন্তে আসেন। তবে মামলার বিষয়ে গড়িমসি শুরু হলে বাদী ২৩ জুন ২০২৫ ইং তারিখে আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে তদন্তভার পান এসআই আমিনুল, যিনি ২৭ জুলাই ২০২৫ ইং তারিখে তদন্তে এলেও অভিযোগ রয়েছে, তিনিও প্রতিবেদন দাখিলে বিলম্ব করছেন।
ভুক্তভোগী পরিবার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে, এ ধরনের ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।
