ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ব্যাগে গুলির ম্যাগাজিন পাওয়া গেছে। আজ রবিবার সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ।
এ ঘটনায় রাতে এক ফেসবুক পোস্টেও উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যাগে গুলির ম্যাগাজিন থাকার বিষয়টি স্বীকার করে ঘটনাটিকে অনিচ্ছাকৃত বলে জানিয়েছেন।
এক ফেসবুক পোস্টে তিনি বলেন, 'নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ-অভ্যুত্থানের নেতৃত্বের উপরে যেভাবে হত্যাচেষ্টা চালানো হয়েছে কয়েকদফা তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা।'
মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য 'ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে' অংশগ্রহণের জন্য আজ সকাল ৬টা ৫০ মিনিটে ফ্লাইট ছিল উল্লেখ করে আসিফ বলেন, 'ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটা ম্যাগজিন রেখে আসলেও ভুলবশত আরেকটি ম্যাগজিন ব্যাগেই রয়ে যায়। যেটা স্ক্যানে আসার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি।'
উপদেষ্টা বলেন, বিষয়টি সম্পূর্ণ আনইন্টেনশনাল। শুধু ম্যাগজিন দিয়ে আমি কি করবো ভাই? ইন্টেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না। এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্যই এটা আলোচনার খোঁড়াক বটে।’
তবে চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে তিনি আরও বলেন, 'এই ঘটনার পর আমি টিমসহ টানা ১০ ঘণ্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে এতকিছু ঘটেছে। নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন।'

