আবারও মা হলেন ‘মেহেরজান’ খ্যাত শায়না আমিন

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ‘মেহেরজান’ চলচ্চিত্রখ্যাত অভিনেত্রী শায়না আমিন। অনেকদিন ধরেই তিনি শোবিজ ছেড়ে থিতু হয়েছেন ইংল্যান্ডে। সেখানে তার স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার।

সবরকম আলোচনার বাইরে থাকা এই অভিনেত্রী সম্প্রতি মা হয়েছেন। তিনি এক পুত্র সন্তান জন্ম দিয়েছেন। শায়নার ছেলের নাম রাখা হয়েছে নুমাইর আমিন রানা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী জানালেন, গত ১৩ নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে তিনি দ্বিতীয় সন্তানের মুখ দেখেন। তিনি ও তার পুত্র দুজনই সুস্থ আছেন।

এর আগে ২০১৫ সালের ৯ ডিসেম্বর প্রথম সন্তানের মুখ দেখেন। সেবার মেয়ে সন্তানের মা হয়েছিলেন তিনি। তার মেয়ের নাম আরশিয়া।

প্রসঙ্গত, ২০০৬ সালে বদরুল আনাম সৌদের ‘ক্রস কানেকশন’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় ক্যারিয়ার শুরু করেন শায়না। এরপর বেশকিছু বিজ্ঞাপন ও নাটকে কাজ করেন। ২০১১ সালে ‘এক জীবন’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে আলোচনায় আসেন মায়াবী হাসির এই অভিনেত্রী।

বিজ্ঞাপন ও নাটক-টেলিফিল্মের পাশাপাশি চলচ্চিত্রেও বেশ ব্যস্ত হয়ে উঠেছিলেন শায়না। দর্শক মুগ্ধ করেছিলেন রুবাইয়াত হোসেন পরিচালিত ‘মেহেরজান’ নামের সিনেমাতে। গল্পের কারণে ছবিটি বাংলাদেশে বিতর্কিত হলেও ভারতের জয়া বচ্চন ও ভিক্টর ব্যানার্জির মতো শক্তিমান অভিনয়শিল্পীদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে প্রশংসিত হন শায়না।

ক্যারিয়ার যখন অনেক সম্ভাবনায় পাখা মেললো তখনই উধাও হয়ে গেলেন তিনি। ২০১৪ সালের শেষের দিকে হঠাৎ করেই মিডিয়া থেকে আড়ালে চলে যান শায়না। তার মাস দুয়েক পর জানা যায়, ব্রিটেনে বসবাসরত এক যুবককে বিয়ে করেছেন তিনি। স্বামীর নাম মাসুদ রানা। এখন সংসারধর্মেই জীবনে পূর্ণতা খুঁজে চলেছেন শায়না আমিন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top