আসিফ আকবরের গানে এবার চিত্রনায়িকা তানহা

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলা গানের যুবরাজ খ্যাত কন্ঠশিল্পী আসিফ আকবর। বর্তমানে তুমুল ব্যস্ত সময় পার করছেন গান নিয়ে। প্রতিবারই নিজেকে নতুনভাবে হাজির করছেন তিনি নতুন সব গানের ভিডিওতে। তার সঙ্গে হাজির হচ্ছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রীরা।

সেই ধারাবাহিকতায় আসিফের নতুন গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। রাজধানীর গাজীপুরে আজ রোববার গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন দুজনে। ভিডিওটি নির্মাণ করছেন সৌমিত্র ঘোষ ইমন।

‘একটা গল্প ছিলো’ শিরোনামে এ গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন মোহাম্মদ মিলন এবং সংগীতায়োজন করেছেন এমএমপি রনি।

আসিফের গানের মডেল হওয়া প্রসঙ্গে তানহা তাসনিয়া বলেন, ‘সিনেমার বাইরে এখন বিজ্ঞাপন আর মিউজিক ভিডিও নিয়েই ব্যস্ত। বেশ কিছু কাজ করেছি। তবে প্রিয় গায়ক আসিফ ভাইয়ের গানের মডেল হওয়ার আনন্দটা একটু বেশি।’

তানহা বলেন, ‘আসিফ ভাই খুবই মজার মানুষ। শুটিং খুব গোছানো হচ্ছে। একটা ভালো কাজ উপহার দেয়ার চেষ্টা করছি আমরা।’

প্রসঙ্গত, চলতি মাসের প্রথম দিকেই আসিফ আকবর শেষ করলেন তার ‘গহীনের গান’ ছবির কাজ। সেটি এখন সম্পাদনার টেবিলে। পাশাপাশি নতুন গান নিয়ে রয়েছেন ব্যস্ত।

এদিকে ভালো থেকো খ্যাত চিত্রনায়িকা তানহা সম্প্রতি দুটি বিজ্ঞাপনের কাজ শেষ করলেন। সামনে আরও বেশকিছু প্রজেক্ট নিয়ে কথা চলছে বলে জানান।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *