আহত অভিনেত্রী শবনম ফারিয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার সময়টা ভালোই যাচ্ছিল, এর মধ্যে দুঃসংবাদ নিয়ে হাজির হলেন তিনি। শুক্রবার রাতে দর্শকদের সঙ্গে ‘দেবী’ সিনেমা দেখে বাসায় ফেরার সময় আহত হন তিনি।

বাসার সিঁড়ি দিয়ে ওঠার সময় পা ফসকে পড়ে যান শবনম ফারিয়া। হাতে ব্যথা পান সেই সময়। এরপর সঙ্গে সঙ্গে স্কয়ার হাসপাতালে নেয়া হয় তাকে। চিকিৎসক জানান, তার ডান হাতের আঙুল ভেঙেছে। হাত ব্যান্ডিজ করে বাসায় ফিরেছেন শবনম।

শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আঙুল ভাঙার খবর জানিয়ে শবনম ফারিয়া লিখেছেন, ‘‘আমাদের শুটিংয়ে একটি কথা প্রচলিত আছে, ‘প্রপস’ ভাঙলে নাকি নাটক, সিনেমা হিট। ‘দেবী’ তো এমনিতেই হিট। কিন্তু সুপারহিট বানানোর জন্য আমি আমার একটি আঙুলই ভেঙে ফেললাম। এবার ব্লকবাস্টার হিট হওয়ার হাত থেকে ‘দেবী’কে কেউ বাঁচাতে পারবে না!’’

শবনম ফারিয়া আরও লিখেছেন, আগামী ২১ দিন হাত ঠিক হওয়ার আগে কোনো শুটিংয়ে অংশ নিতে পারবেন না তিনি।

অনম বিশ্বাস পরিচালিত এবং জয়া আহসান প্রযোজিত ও অভিনীত সরকারি অনুদানের ছবি ‘দেবী’তে অভিনয় করেছেন শবনম ফারিয়া। এবারই প্রথম চলচ্চিত্রে অভিনয় করলেন তিনি। হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। প্রথম সপ্তাহের সাফল্যের পর দ্বিতীয় সপ্তাহে সিনেমা হল মাতাচ্ছে ছবিটি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top