নবীকে ব্যঙ্গ করায় জাফর ইকবালের উপর হামলা : ফয়জুল

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল ‘ভূতের বাচ্চা সোলায়মান’ উপন্যাস লিখে মুসলিমদের নবী হজরত সোলায়মান (আ.) কে ব্যঙ্গ করায় তার ওপর হামলা হামলা চালিয়েছেন বলে প্রাথমিকভাবে স্বীকারোক্তি দিয়েছেন হামলাকারী ফয়জুল হাসান।

আজ রোববার সকালে ফয়জুরের এই স্বীকারোক্তির কথা জানান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯)  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ। 

র‌্যাব কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় ‘ভূতের বাচ্চা সোলায়মান’ নামক একটি উপন্যাসের কথা উল্লেখ করে ফয়জুল বলেছে, ‘এই উপন্যাসের মাধ্যমে জাফর ইকবাল নবীকে নিয়ে ব্যঙ্গ করেছেন। তাই আমি হামলা করেছি।’

জিজ্ঞাসাবাদে হামলাকারী র‌্যাবকে আরও বলেন, ‘জাফর ইকবাল ইসলামের শত্রু, তাই তাকে হত্যা করার জন্য হামলা করেছি। উনি নিজেও নাস্তিক এবং অন্য সবাইকেও নাস্তিক বানানোর জন্য প্রচার করে বেড়াচ্ছেন। তার লেখা পড়ে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ছে।’

আলী হায়দার আজাদ বলেন, ‘হামলাকারী এখন সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। এর বাইরে আর কিছু জানা সম্ভব হয়নি। সে সুস্থ হলে এই ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করবো।’

গতকাল শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান চলার সময়ে জাফর ইকবালের ওপর হামলা করে ফয়জুল হাসান। এ সময় তার মাথায় ছুরিকাঘাত করে হামলাকারী। ঘটনার পর পরই ফয়জুলকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

Share this post

scroll to top