খালেদা জিয়াকে দেশের কোথাও জনসভা করতে দেয়া হবে নাঃ মাহবুবুল আলম হানিফ

tgskqbhu-e1404820616729জনগণ খালেদা জিয়াকে গাজীপুরে সমাবেশে করতে দেয়নি উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘এ জন্য আওয়ামী লীগ দায়ী নয়। কটূক্তি ও ইতিহাস বিকৃতির জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত দেশের অন্য কোথাও খালেদা জিয়াকে সমাবেশ করতে দেয়া হবে না। 

শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে হানিফ এসব কথা বলেন।

এরআগে ৫ জানুয়ারি আওয়ামী লীগের ‘গনতন্ত্রের বিজয় দিবস’ উদযাপন ও ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগ নেতাদের সঙ্গে যৌথসভায় বসে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিলেও বিএনপি দিনটিকে পালন করবে ‘গণতন্ত্রের কালো দিবস’ হিসেবে।

হানিফ বলেন, ‘তারেক রহমান ও বিএনপি মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে যেভাবে কটূক্তি করছেন তা আওয়ামী লীগ বরদাশত করবে না। খালেদা জিয়া ও তার পুত্রকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে- এ দাবি শুধু ছাত্রলীগের নয়, এ দাবি বাংলার জনগণের।’

‘অতীতের মতো বিএনপির সোমবারের হরতালও ব্যর্থ হবে’ মন্তব্য করে হানিফ বলেন, ‘অতীতেও জনগণ তাদের হরতালে সাড়া দেয়নি। ভবিষ্যতেও সাড়া দেবে না। বিএনপি গণতন্ত্রের সুযোগ নিয়ে বোমা মেরে মানুষ হত্যা করেছে, অন্যের সম্পত্তি নষ্ট করেছে, অগ্নিসংযোগ, ভাংচুর করেছে। তাদের কাছে গণতন্ত্র মানে নৈরাজ্য করা।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, আইন বিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এসএম কামাল, এনামুল হক শামীম, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top