শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে দেশে ফিরতে চান, নাকি কেবলই রাজনৈতিক কৌশল?

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ মাথার ওপর মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায়। দেশে ফিরলে গ্রেপ্তার ও দণ্ড কার্যকরের মুখে পড়তে হতে পারে- এমন পরিস্থিতির মধ্যেও ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে আগ্রহী শেখ হাসিনা। তাঁর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের বিষয়টি সামনে আসার পর এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

 

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর দিল্লিতে বসবাসের অনুমতি পান। ২০২৫ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র-জনতার আন্দোলন দমনের সময় সংঘটিত হত্যাকাণ্ডে আনুমানিক ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন।

শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম এখনও নিষিদ্ধ রয়েছে। দলটির বহু নেতাকর্মী কারাগারে আছেন। এমন পরিস্থিতিতে তাঁর দেশে ফেরা রাজনৈতিকভাবে সংঘাতপূর্ণ হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, গত আগস্টে শেখ হাসিনা প্রথম দেশে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। চলতি সপ্তাহে সংবাদমাধ্যমটির সঙ্গে কথা বলা ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নির্বাসিত নেতা জানিয়েছেন, আগামী মাসের মধ্যে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা অত্যন্ত সিরিয়াস ও আত্মবিশ্বাসী। তাঁর প্রত্যাবর্তনের প্রস্তুতি হিসেবে দলের আরও কয়েকজন শীর্ষ নেতা ইতোমধ্যে দেশে ফিরেছেন বলেও তাঁরা দাবি করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার শেখ হাসিনার পক্ষে একজন ব্রিটিশ আইনজীবী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠান। চিঠিতে তাঁর জন্য দ্রুত নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়। দ্য গার্ডিয়ান জানিয়েছে, তারা চিঠিটি দেখেছে।

কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে গার্ডিয়ানকে বলেন, শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চান বলেই পাসপোর্টের আবেদন করেছেন। ওই নেতা গণমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য অনুমোদিত নন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ট্রাইব্যুনালের দোষী সাব্যস্ত করার সিদ্ধান্ত সম্পূর্ণ অবৈধ ছিল।

ওই আওয়ামী লীগ নেতা আরও বলেন, শেখ হাসিনা তাঁর প্রত্যাবর্তন নিয়ে আত্মবিশ্বাসী। কর্তৃপক্ষ পাসপোর্ট না দিলে বাংলাদেশে ফেরার জন্য তিনি ট্রাভেল পাসের আবেদন করবেন।

শেখ হাসিনার দণ্ডাদেশের পর থেকে তাঁকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ভারতের ওপর চাপ দিয়ে আসছে। তবে ভারত সরকার এখন পর্যন্ত বাংলাদেশের এ দাবি কার্যকর করেনি। এ নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনাকে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় গ্রহণযোগ্য বন্দি বিনিময় প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফেরানো যেতে পারে। ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, দণ্ডিত পলাতক আসামি হওয়ায় শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়ার কোনো আইনি সুযোগ নেই।

প্রধান প্রসিকিউটরের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে মৃত্যুদণ্ডের রায় কার্যকরের মুখোমুখি হতে হবে। তাঁর দণ্ডের বিরুদ্ধে আপিলের সময়সীমা ইতোমধ্যে পার হয়ে গেছে বলেও তিনি দাবি করেছেন।

১৫ বছরের শাসনামলে নানা ধরনের নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এবং পরবর্তী সময়ে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়ার পরও শেখ হাসিনা আওয়ামী লীগের বহু নেতাকর্মীর কাছে জনপ্রিয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের অনেকেই বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

বিশ্লেষকদের বরাত দিয়ে গার্ডিয়ান বলেছে, শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগের পেছনে তাঁর সমর্থকদের পুনরায় সংগঠিত করা এবং তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে অস্থিতিশীল করার রাজনৈতিক কৌশল থাকতে পারে। গত ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসা সরকার মূল্যস্ফীতি ও পোশাকশিল্পের বিভিন্ন বিক্ষোভসহ নানা সংকট মোকাবিলা করছে। আওয়ামী লীগ এসব পরিস্থিতিকে নিজেদের অনুকূলে কাজে লাগানোর চেষ্টা করতে পারে বলে প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়েছে।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের আরেক নেতা গার্ডিয়ানকে জানিয়েছেন, নির্বাসনে থাকা দলের নেতারা শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার পরিকল্পনা করছেন। তাঁদের অনেকের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অভিযোগ রয়েছে এবং অনুপস্থিতিতে কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

ওই নেতা বলেন, তাঁদের অনেকের বিরুদ্ধে অনুপস্থিতিতে সাজা দেওয়া হয়েছে। কারাগারে যেতে হতে পারে জেনেও তাঁরা দেশে ফিরে নিজেদের মানুষের কাছে যেতে এবং রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত।

গত কয়েক মাসে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা দেশে ফিরেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে সাবেক সংসদ সদস্য মুসতাকে আহমেদ রুহীর নামও রয়েছে। গত সেপ্টেম্বরে দেশে ফেরার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের অভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় বর্তমানে তাঁর বিচার চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

গার্ডিয়ান আরও জানিয়েছে, নির্বাসিত আওয়ামী লীগ নেতারা কলকাতায় নিয়মিত বৈঠক করছেন। তাঁদের অনেকেই সেখানে বসবাস করছেন। এ ছাড়া শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য তাঁদের নিয়মিত দিল্লিতে ডাকা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলতি সপ্তাহে অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) ইমেইলে দেওয়া এক বার্তায় শেখ হাসিনা বলেছেন, ‘যদি মৃত্যুই আমার ভাগ্য হয়, তবে আমি আমার নিজের দেশের মাটিতে, আমার নিজের মানুষের মাঝেই মরতে চাই।’

Share this post

scroll to top