মক্কা জোটে অন্তর্ভুক্ত হতে বাংলাদেশের ঝুঁকি নেই:পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে কোনো ঝুঁকি নেই। এ জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক। রোববার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অভিজ্ঞতা ও দক্ষতা স্বীকৃতি আছে। সেই অভিজ্ঞতা মুসলিম বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজে লাগানোর সুযোগ তৈরি হলে বাংলাদেশ ইতিবাচকভাবে তা বিবেচনা করবে। তিনি বলেন, যদি আমরা বিশ্বজুড়ে শান্তিরক্ষা কার্যক্রমে ভূমিকা রাখতে পারি, তাহলে মুসলিম বিশ্বের জন্য কেন তা করতে পারব না।

হুমায়ুন কবির বলেন, বিশেষ করে সৌদি আরব, যারা দুই পবিত্র মসজিদের অভিভাবক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে-তাদের সঙ্গে এ বিষয়ে ইতিবাচকভাবে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। মুসলিম বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা করার জন্য বাংলাদেশের ইতিবাচক ভূমিকা কোনো খারাপ বিষয় নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা হয়েছে এবং বাংলাদেশ একে ইতিবাচকভাবে দেখছে।

ওআইসি সম্মেলনের ফাঁকে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কথাবার্তা হয়েছে। আনুষ্ঠানিক আমন্ত্রণ এলে বিষয়টি জানানো হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত সম্পর্কে উন্নীত হয়েছে। এর ধারাবাহিকতায় দুদেশের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু হবে। তবে এ সংলাপ কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দ্বৈত নাগরিকত্ব নিয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, আমি বাংলাদেশি।

শিগগিরই শুরু হবে বাংলাদেশ-চীন প্রতিরক্ষা সংলাপ : শিগগিরই বাংলাদেশ ও চীনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়ে কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ শুরু করতে যাচ্ছে। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কৌশলগত সংলাপ দ্রুত চালুর বিষয়েও দুই দেশ আলোচনা করেছে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করতে এলে এসব বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৈঠকে হুমায়ুন কবির চীনকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসাবে উল্লেখ করেন এবং ‘এক চীন নীতি’র প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক ‘ভবিষ্যৎ অভিন্ন লক্ষ্যের বাংলাদেশ-চীন কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হওয়াকে স্বাগত জানান।

ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর চীন সফরের বিভিন্ন ফলাফল সম্পর্কেও অবহিত করেন। এর মধ্যে রয়েছে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) ভিত্তিপ্রস্তর স্থাপন, মোংলা বন্দর আধুনিকায়নে বাণিজ্যিক চুক্তি ও মোংলা ইপিজেড প্রতিষ্ঠায় সম্ভাব্য চীনা সহযোগিতা।

রাষ্ট্রদূত জানান, সিইআইজেডে প্রায় ৩০টি চীনা কোম্পানি বিনিয়োগ করতে পারে। সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ কোটি মার্কিন ডলার এবং এর মাধ্যমে বাংলাদেশিদের জন্য প্রায় ১ লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে আসন্ন উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদের সফর সম্পর্কেও অবহিত করেন। এর মধ্যে রয়েছে চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির ভাইস প্রেসিডেন্ট, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী এবং ইউনান প্রদেশের নির্বাহী ভাইস গভর্নরের বাংলাদেশ সফর। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে অক্টোবরে চীন সফরের আমন্ত্রণ জানান চীনা রাষ্ট্রদূত।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ : বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে ব্রিটিশ হাইকমিশনার গণমাধ্যমকে জানান, বাংলাদেশ ও যুক্তরাজ্যের অংশীদারত্ব আরও শক্তিশালী করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন সহযোগিতা, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে।

নতুন দায়িত্বে হুমায়ুন কবির : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনকালে দেশের বাইরে অবস্থান করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সে সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির মন্ত্রণালয়ের নির্ধারিত দায়িত্বের বাইরেও অন্য সব বিষয়েও পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

Share this post

scroll to top