ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ বেশ কিছু পরিবর্তন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত চার বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার এই রায় প্রদান করেন।
এর ফলে সংবিধানে পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোটের বিধান ফিরে এসেছে বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রিটকারীদের করা আপিল খারিজ করে এই সিদ্ধান্ত জানান। এর আগে তিন দিনব্যাপী শুনানি শেষে ৯ জুলাই রায়ের জন্য দিন ধার্য করা হয়েছিল।
শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। রিটের পক্ষে সওয়াল করেন ড. শরীফ ভূঁইয়া এবং জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। উল্লিখিত মামলার প্রেক্ষাপটে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক বলে রায় দিয়েছিলেন।
২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার জাতীয় সংসদে এই সংশোধনী পাসের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের ৫৪টি স্থানে পরিবর্তন এনেছিল। পরবর্তী সময়ে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে পৃথক তিনটি আপিল আবেদন করা হয়।
সুশাসনের জন্য নাগরিক বা সুজন সম্পাদকসহ চার ব্যক্তি, নওগাঁর মো. মোফাজ্জল হোসেন এবং জামায়াতে ইসলামী পৃথকভাবে এই আপিলগুলো দায়ের করেছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের সিদ্ধান্তই বহাল রাখলেন।




