বিশ্ব পাসপোর্ট সূচকে এক ধাপ পেছালো বাংলাদেশ, ৩৬ দেশে মিলবে ভিসামুক্ত প্রবেশাধিকার

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান এক ধাপ পিছিয়েছে। হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত মে মাসের নতুন সূচক অনুযায়ী, বাংলাদেশের বর্তমান অবস্থান ৯৬তম, যা এর আগে ছিল ৯৫তম।

নতুন এই তালিকা অনুসারে, বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের ৩৬টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে। তালিকার শীর্ষে এককভাবে অবস্থান করছে সিঙ্গাপুর।

বাংলাদেশের পাসপোর্টধারীরা যেসব দেশে ভিসামুক্ত বা অন অ্যারাইভাল ভিসায় যেতে পারবেন তার মধ্যে রয়েছে ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, বার্বাডোজ, ফিজি, গ্রেনাডা, জ্যামাইকা, কেনিয়া এবং মাদাগাস্কার। এছাড়া তালিকায় রয়েছে বাহামাস, গাম্বিয়া, হাইতি এবং কম্বোডিয়ার মতো দেশগুলো। এর মধ্যে কিছু দেশের ক্ষেত্রে বিমানবন্দরে নামার পর ভিসা পাওয়া যাবে এবং কয়েকটিতে ই-ভিসার প্রয়োজন হবে।

হেনলি পাসপোর্ট ইনডেক্সের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে সুইডেন।

এছাড়া বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং স্পেনের মতো দেশগুলো যৌথভাবে চতুর্থ অবস্থানে রয়েছে।

Share this post

scroll to top