ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান।
পোস্টে তারেক রহমান লেখেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার পথনির্দেশনা আর আত্মশুদ্ধির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা। এই উৎসব শুধু আনন্দের নয়, এটি স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন আর ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে।
হজরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান ও সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই দৃষ্টান্তই ঈদুল আজহাকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে এত মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
প্রধানমন্ত্রী আরও জানান, এই পবিত্র দিনে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন, দেশ ও বিশ্বের সকল মুসলমানের ত্যাগ যেন কবুল হয়, এবং সমগ্র মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত হয়।
পোস্টের শেষে তিনি দোয়া করেন, ‘আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন। তাঁর অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।’




