ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ পল্লবীতে শিশু রামিসার ধর্ষন এবং নৃশংস হত্যাকাণ্ড দুঃখজনক ও অত্যন্ত হৃদয়বিদারক উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। এক মাসের মধ্যেই শিশু রামিসা হত্যার বিচার করা হবে।
তিনি বলেন, এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়।
শনিবার (২৩ মে) বিকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নজরুল একাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এর আগে দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহের ত্রিশালে কানহর ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এক জনসভায় তারেক রহমান বলেন, অন্যায়কারীকে শাস্তি দিতে হলে আইন-কানুন আছে। কিছু মানুষ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। তারা আইনের শাসনে বাধা দিচ্ছে। আইনকে বাধাগ্রস্ত করছে।
প্রধানমন্ত্রী বলেন, ১২ তারিখের নির্বাচনে জনগণ বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য তাদের জ্বালা ধরেছে। এজন্য এ ধরনের কর্মকাণ্ড করছে। তারা কৃষকদের সমস্যা, খাল কাটা, কর্মসংস্থানের কথা বলছে না। তারা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। এ ধরনের অরাজক পরিস্থিতি হলে ক্ষতি কার হবে? কৃষকের-মানুষের।




