সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক মোহাম্মদ আলী

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বহুল আলোচিত বাংলাদেশ  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপিপন্থী প্যানেল। সভাপতি পদে জয়ী হয়েছেন এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মোহাম্মদ আলী।

বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত প্রায় ২টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন উপকমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী।

নির্বাচনের ফল অনুযায়ী, মোট ১৪টি পদের মধ্যে বিএনপিপন্থী প্যানেল জয় পেয়েছে ১৩টিতে। বাকি একটি সদস্য পদে জয় পেয়েছে জামায়াতপন্থী প্যানেলের প্রার্থী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৪ হাজার ৪৮টি ভোট পড়ে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ১৩ ও ১৪ মে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে এক ঘণ্টার বিরতির পর বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

বিএনপিপন্থী প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এ এম মাহবুব উদ্দিন খোকন। সহসভাপতি পদে জয় পেয়েছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী।

এ ছাড়া কোষাধ্যক্ষ পদে জয় পেয়েছেন মো. জিয়াউর রহমান। সহসম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাকসুদ উল্লাহ এবং মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী। সাতটি সদস্য পদের একটিতে জয় পেয়েছেন জামায়াতপন্থী প্যানেলের মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

Share this post

scroll to top