অবশেষে এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করল তারেক সরকার

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ জাতীয় সংসদ সদস্যদের (এমপি) জন্য দীর্ঘদিনের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে তারেক সরকারের মন্ত্রিসভা। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রেমিউনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস) (সংশোধন) আদেশ ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। 

মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার অনুমোদনের পর এখন তা সংসদে বিল আকারে উঠবে। সেখানে অনুমোদন পেলে সংশোধিত আদেশ গেজেট আকারে প্রকাশের পর এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা রহিত হয়ে যাবে। 

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হযয়েছে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এতদিন ‘দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রেমিউনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস) অর্ডার, ১৯৭৩’- বা সংসদ সদস্যদের পারিতোষিক ও ভাতাদি আদেশ-১৯৭৩ এর অনুচ্ছেদ ৩সি অনুযায়ী এমপিরা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ পেতেন। নতুন সংশোধনী আইনের মাধ্যমে এই সুবিধা বাতিল করা হচ্ছে।

সরকারি ব্যাখ্যায় বলা হয়েছে, অর্থনৈতিক চাপ ও রাজস্ব ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে এ ধরনের ব্যয় সংকোচনমূলক সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে রাষ্ট্রের ব্যয় কমানো এবং ন্যায্যতার ভিত্তিতে সুযোগ-সুবিধা পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

Share this post

scroll to top