কসবা-আখাউড়ায় নির্মিত হবে ২টি মিনি স্টেডিয়াম

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়ায় দুটি মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া জেলা বিএনপির প্রভাবশালী সদস্য ও ভূঞা গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান কবীর আহমেদ ভূঞার অনুরোধে স্টেডিয়াম দুটি নির্মাণ করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক ( অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ সিরাজুর রহমান ভূঞা স্বাক্ষরিত এক পত্রে কসবা ও আখাউড়া উপজেলায় দুটি মিনি স্টেডিয়াম নির্মাণের খবর পাওয়া যায়। পত্রে তিনি উল্লেখ করেন, কসবা ও আখাউড়া উপজেলায় দুটি মিনি স্টেডিয়াম নির্মাণের তালিকা ডিপিপি প্রকল্পের ৩য় পর্যায়ে অন্তর্ভুক্ত ছিলো। বর্তমানে ২য় পর্যায়ে নির্মাণ কাজ চলমান রয়েছে। ৩য় পর্যায়ের বাস্তবায়ন কাজের সময় অনিশ্চিত থাকায় কসবা ও আখাউড়ায় বিপুল সংখ্যক শিশু ছাত্র যুবক খেলাধুলা হতে দীর্ঘ সময় বঞ্চিত থাকবে। সেই কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতা কবীর আহমেদ ভূঞার অনুরোধে পৃথক ডিপিপির মাধ্যমে কসবা ও আখাউড়া উপজেলায় দুটি মিনি স্টেডিয়াম নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।

জাতীয় ক্রীড়া পরিষদের পত্রসূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ বিএনপি নেতা কবীর আহমেদ ভূঞা কসবা ও আখাউড়া উপজেলায় দুটি মিনি স্টেডিয়াম নির্মাণের অনুরোধ জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর পত্র দেন। সেই পত্রের আলোকে ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশনায় জাতীয় ক্রীড়া পরিষদ উদ্যোগ নিয়েছেন।
এব্যাপারে জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন বলেন, কবীর আহমেদ ভূঁইয়া এমপি না হয়েও দীর্ঘদিন ধরে এলাকার সার্বিক উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখছেন।
ইতোমধ্যে কসবা-আখাউড়া অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে বহু বছর ধরে স্থবির থাকা উন্নয়নধারা পুনরায় গতিশীল হবে।

বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া বলেন,
“বহুদিনের স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, উন্নয়নের এই যাত্রায় আমরা সবাই একসঙ্গে আছি। ব্রাহ্মণবাড়িয়ার অগ্রগতি থেমে নেই, থামবেও না—ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য একটি আধুনিক, সমৃদ্ধ ও প্রগতিশীল ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলা, যেখানে প্রতিটি শিশু, প্রতিটি তরুণ ও প্রতিটি পরিবার উন্নয়নের সমান অধিকার পাবে।
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও যুবসমাজের শক্তিই ব্রাহ্মণবাড়িয়াকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

উল্লেখ্য, ইতিমধ্যে বিএনপি নেতা কবীর আহমেদ ভূঞার অনুরোধে
বেপজা কসবা উপজেলার তিনলাখ পীর এলাকায় ইপিজেড নির্মাণের উদ্যোগ গ্রহন করেছে। এছাড়া এলজিআরডি মন্ত্রণালয় আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রামের খালের উপর সেতু নির্মাণের জন্য ৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। এলাকায় তার উদ্যোগ ও কর্মকাণ্ড ব্যাপক প্রশংসিত হচ্ছে।

Share this post

scroll to top