ক্যাপ্টেন(অবঃ) মারুফ রাজুঃ ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম ব্যাপারীর পরিবারের কানাডায় বাড়ি রয়েছে। ২০১৮ সালে আব্দুস সালাম ব্যাপারী ও তাঁর স্ত্রী মাহবুবুন্নেছার নামে বাড়িটি কেনা হয়। ২০২৩ সালে বাড়িটির মালিকানার অংশ থেকে আব্দুস সালামের নাম বাদ দিয়ে তাঁর এক ছেলের নাম দেওয়া হয়। পরে পুরো মালিকানা স্থানান্তর করা হয় তাঁর স্ত্রীর নামে।
অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে আব্দুস সালামকে বিতর্কিত প্রক্রিয়ায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি ছিলেন একই সংস্থার অতিরিক্ত প্রধান প্রকৌশলী। এ পদে চাকরিকালে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। এবার কানাডায় তাঁর স্ত্রীর নামে বাড়ির খোঁজ পাওয়া গেল।
বাড়িটি কানাডার টরন্টোতে। স্থানীয় ভূমি নিবন্ধন অফিস থেকে পাওয়া তথ্য বলছে, ২০১৮ সালের ২৮ মার্চ আব্দুস সালাম ব্যাপারী ও তাঁর স্ত্রী মাহবুবুন্নেছার নামে বাড়িটি কেনা হয়। স্থানীয় একাধিক সূত্র বলছে, বাড়িটির বর্তমান দাম বাংলাদেশি মুদ্রায় ২০ কোটি টাকা। কেনার সময় বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।
কানাডায় বাড়ি থাকার বিষয়টি নিয়ে জানতে আব্দুস সালাম ব্যাপারীকে গত ২৬ ফেব্রুয়ারি ফোন করা হয়। তখন তিনি বলেন, বাড়িটি তাঁর সন্তানেরা কিনেছেন। সন্তানেরা কী করেন, জানতে চাইলে তিনি বলেন, তাঁরা সবাই পেশাজীবী। কথা বলার একপর্যায়ে আব্দুস সালাম তাঁর অফিসে যাওয়ার জন্য বলেন এবং ‘ব্যক্তিগত’ বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে মামলা করার হুমকি দেন।
২০১৮ সালে আব্দুস সালাম ব্যাপারী ও তাঁর স্ত্রী মাহবুবুন্নেছার নামে বাড়িটি কেনা হয়। ২০২৩ সালে বাড়িটির মালিকানার অংশ থেকে আব্দুস সালামের নাম বাদ দিয়ে তাঁর এক ছেলের নাম দেওয়া হয়। পরে পুরো মালিকানা স্থানান্তর করা হয় তাঁর স্ত্রীর নামে।
আব্দুস সালাম ব্যাপারীর সঙ্গে কথা বলতে গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা ওয়াসার কার্যালয়ে যান এই প্রতিবেদক। তখন আব্দুস সালাম ব্যাপারীর পক্ষ থেকে জানানো হয়, তিনি বৈঠকে ব্যস্ত। পরে তাঁর পক্ষ থেকে যোগাযোগ করা হবে।
ওই দিন বেলা দুইটার কিছু পরে আব্দুস সালাম ব্যাপারীর মুঠোফোনে এবং ঢাকা ওয়াসার জনতথ্য কর্মকর্তার কাছে প্রথম বাংলাদেশের পক্ষ থেকে প্রশ্ন পাঠানো হয়। জানতে চাওয়া হয়, বাড়িটি কবে কেনা হয়েছে, কীভাবে কেনা হয়েছে, সন্তানদের আয়ের উৎস কী, কবে পড়াশোনা শেষ করে তাঁরা চাকরিতে যোগ দিয়েছেন এবং বাড়ি কেনার তথ্য সরকারকে জানানো হয়েছে কি না?
সরকারি চাকরিজীবীদের আচরণবিধি অনুযায়ী, বাড়ি বা ফ্ল্যাটের মতো সম্পদ অর্জন করতে হলে তা সরকারকে আগে জানিয়ে অনুমোদন নিতে হয়। বিষয়টি নিয়ে সরকারি চাকরি আইনের বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া বলেন, কোনো সরকারি চাকরিজীবীর সন্তান যদি বাবার নামে সম্পদ কেনেন, সেটাও আগে জানাতে হবে এবং অর্থের উৎস উল্লেখ করতে হবে।
এদিকে প্রশ্ন পাঠানোর পর আব্দুস সালাম ব্যাপারীর কার্যালয় থেকে এই প্রতিবেদককে ফোন করে যেতে বলা হয়। প্রতিবেদক বেলা সাড়ে তিনটার দিকে ঢাকায় ওয়াসার কার্যালয়ে যান। তখন সংস্থাটির এক কর্মকর্তা এই প্রতিবেদককে একটি কক্ষে নিয়ে যান, যেখানে আর কেউ ছিলেন না। তিনি প্রতিবেদনটি প্রকাশ না করার কোনো সুযোগ আছে কি না, তা জানতে চান। তখন কর্মকর্তাকে বলা হয়, প্রতিবেদন সঠিক না হলে সেটা এমনিতেই প্রকাশিত হবে না। সঠিক হলে প্রকাশিত হবে। দরকার শুধু ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্য।
এরপর এই প্রতিবেদককে নিয়ে যাওয়া হয় আব্দুস সালাম ব্যাপারীর কক্ষে। আব্দুস সালাম প্রায় দেড় ঘণ্টা ঢাকা ওয়াসার নানা বিষয় এবং তাঁর অতীত অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। কিন্তু প্রতিবেদনসংক্রান্ত প্রশ্নগুলোর জবাব দেননি। কানাডায় বাড়ি থাকার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য তিনি প্রস্তুত নন। তিনি এ–ও বলেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে লিখতে চাইলে যা মন চায় তাই লেখেন।’
ঢাকা ওয়াসা সূত্রের দাবি, ২০০৮ সালের দিকে দুই ছেলেকে নিয়ে কানাডায় যান আব্দুস সালাম ব্যাপারীর স্ত্রী মাহবুবুন্নেছা। মাহবুবুন্নেছা নিজেও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী ছিলেন। যথাসময়ে দেশে ফেরত না আসায় তিনি আর চাকরিতে যোগ দিতে পারেননি। সূত্র আরও বলছে, সালামের দুই সন্তান যখন পড়াশোনায় ছিলেন, তখন তাঁদের কানাডায় নিয়ে যান মাহবুবুন্নেছা।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে আব্দুস সালাম ব্যাপারীর নিয়োগ হয় গত বছর ১১ নভেম্বর। তাঁর নিয়োগে তাড়াহুড়া ছিল। একাধিকবার সংশোধন করা হয়েছে বিজ্ঞপ্তির শর্ত। নিয়োগের যোগ্য করতে তাঁকে পদোন্নতিও দেওয়া হয়েছে। এরপর কোনো ধরনের সাক্ষাৎকার ছাড়াই তিনজনের তালিকায় আব্দুস সালামের নাম সবার ওপরে দিয়ে পাঠানো হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় আব্দুস সালামকেই নিয়োগ দেয়।
আব্দুস সালাম ও মাহবুবুন্নেছার ছেলে আবরার মাহেরের লিংকডইন প্রোফাইল ঘেঁটে দেখা যায়, ২০২১ সালে ইউনিভার্সিটি অব টরন্টো থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং আরেক ছেলে ওয়ালিদ সাহের ইউনিভার্সিটি অব ওয়াটারলু থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন ২০১৭ সালে। পড়াশোনার সময় বিভিন্ন জায়গায় কাজের অভিজ্ঞতার কথাও তাঁরা লিংকডইন প্রোফাইলে উল্লেখ করেছেন।
ঢাকা ওয়াসা সূত্র বলছে, দুই ছেলের চাকরির আয় দিয়ে ২০১৮ সালে বাড়ি কেনার দাবিটি ঠিক কিনা, তা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দিয়ে তদন্ত করানো যায়।
কানাডায় অনেক বাংলাদেশির বাড়ি রয়েছে। দুর্নীতি ও অর্থ পাচারের মাধ্যমে কেনা ওই সব বাড়িতে বাংলাদেশি নাগরিকদের স্ত্রী ও সন্তানেরা বাস করেন। এ কারণে ওই সব এলাকা ‘বেগমপাড়া’ নামে পরিচিতি পেয়েছে। কানাডায় পাচার হওয়া অর্থ ফেরত আনা ও পাচারকারীদের বিচারের আওতায় আনা নিয়ে অতীতে অনেক কথা হয়েছে, কাজ তেমন একটা হয়নি।
আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং অবৈধভাবে বিদেশে সম্পদ পাচারের অভিযোগে সুনির্দিষ্ট তদন্ত হওয়া উচিত এবং তদন্ত চলাকালে তাঁকে যথাযথ প্রক্রিয়ায় সাময়িক বরখাস্ত করা উচিত।
ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআইবি
জানতে চাইলে নতুন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম বাংলাদেশকে বলেন, ‘আমি এখন পর্যন্ত ভদ্রলোককে চিনি না, নামও জানি না। তাঁর সঙ্গে আমাদের এখন পর্যন্ত মিনিস্ট্রিতে কোনো কথা হয়নি।’
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় এসেছে দুই সপ্তাহ পার হয়নি। মন্ত্রণালয় সম্পর্কে পুরোপুরি ধারণা তিনি এখনো নিতে পারেননি। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের বিষয়ে খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত বলা যাবে বলে তিনি উল্লেখ করেন।


