শোকাবহ দিনে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ ২১ জুলাই ২০২৫-বাংলাদেশের ইতিহাসে একান্তই বিপরীতমুখী অনুভূতির দিন হয়ে থাকবে আজ। একদিকে রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ঝরে গেছে অমূল্য ১৯টি প্রাণ, আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। অন্যদিকে এই শোকাচ্ছন্ন দিনেই এক ভিন্ন প্রান্তে, ফুটবল মাঠে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা লিখেছেন গৌরবের এক নতুন অধ্যায়-সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

উত্তরার আকাশে যখন আগুন নেমেছিল, তখন কিংস অ্যারেনার সবুজ মাঠে ঝরে পড়ছিল ঘাম, লড়াই আর স্বপ্ন। নেপালের বিপক্ষে ‘অলিখিত ফাইনালে’ ৪-০ গোলের বিশাল জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ম্যাচের নায়িকা একটিই নাম-মোসাম্মৎ সাগরিকা। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই চার গোল করে নিজের জাত চেনালেন তিনি।

মাইলস্টোন স্কুলের শ্রেণিকক্ষে বিধ্বস্ত হয় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের এই শোকাচ্ছন্নতার মধ্যেই দেশের ক্রীড়াঙ্গনে আসে একটু আশার আলো। সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েরা মাঠে নামার আগে জানতো, ড্র করলেই হবে। কিন্তু তারা থামেনি।

সাগরিকার অসাধারণ পারফরম্যান্সে বড় জয় নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। টুর্নামেন্টের পাঁচ ম্যাচে পাঁচ জয়, ১৮ পয়েন্ট, দুইবারের জয়ী নেপালকে দুইবার হারিয়ে ট্রফি ঘরে তোলে মেয়েরা।

প্রথমার্ধের ৮ মিনিটেই সাগরিকা গোলের সূচনা করেন। দ্বিতীয়ার্ধে ৫২, ৫৭ এবং ৭৬ মিনিটে আরও তিন গোল করে হ্যাটট্রিক তো বটেই, চতুর্থ গোলও যুক্ত করেন নিজের ঝুলিতে। আজকের ম্যাচেই নয়, পুরো টুর্নামেন্টজুড়েই ছিলেন দুর্দান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন আরেকটি হ্যাটট্রিক। মাঝের তিন ম্যাচ নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারলেও শেষ ম্যাচে ফিরেই যেন লড়াইয়ের প্রতিশোধ নিলেন সাগরিকা।

সব মিলিয়ে দারুণ একটা চ্যাম্পিয়নশিপ কাটল বাংলাদেশের। ‎‎১১ দিনের প্রতিযোগিতায় ছয় ম্যাচের ছয়টিই জিতেছে লাল-সবুজের মেয়েরা।

Share this post

scroll to top