ভারত গেল প্রধান উপদেষ্টার উপহারের ৩০০কেজি আম

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপহারের আম সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল তিনটার দিকে তামাবিল জিরো পয়েন্ট দিয়ে কাভার্ডভ্যানে করে ৬০টি কার্টনে আমগুলো পাঠানো হয়। এসময় ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের পক্ষে প্রশাসনিক কর্মকর্তা অমুল্যানজ্যোতি বড়ুয়া আমগুলো গ্রহণ করেন।

দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে কূটনীতির অংশ হিসেবে এ আম পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে কাভার্ডভ্যানে করে আনা আম তামাবিল স্থলবন্দর পৌঁছায়। ট্রাকে ৬০টি কার্টনে ৩০০ কেজি আম ছিল। আমগুলো পাঠানোর কাজ করে তামাবিল সিঅ্যান্ডএফ এজেন্ট রোজ ভ্যালি ট্রেড ইন্টারন্যাশনাল।

বিষয়টি নিশ্চিত করে তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মো.মোস্তাফিজুর রহমান বলেন, প্রধান উপদেষ্টার উপহারের আমগুলো ভারতে পৌঁছে দেওয়া হয়েছে।

আম হস্তান্তরের সময় বাংলাদেশ ও ভারতের স্থলবন্দর ও কাস্টমসের কর্মকর্তা, ইমিগ্রেশন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top