নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ  নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার বাধ্যবাধকতা বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১০ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়।

একই সঙ্গে হাসিনা সরকারের সময় জারি করা ‘প্রটোকল নির্দেশনা’ পর্যালোচনার সিদ্ধান্ত হয়।

সরকারি এক বার্তায় বলা হয়, শেখ হাসিনার আমলে সরকারি কর্মকর্তাদের জন্য ‘অদ্ভুত ও বিতর্কিত’ প্রটোকল নির্দেশনা ছিল। প্রটোকল অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রীসহ নারী মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার বাধ্যবাধকতা ছিল। এখনো অনেক স্থানে নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলা হচ্ছে, যা সামাজিক-প্রশাসনিকভাবে স্পষ্টতই ‘বেমানান ও অস্বস্তিকর’।

প্রটোকল ও সম্বোধনসংক্রান্ত নির্দেশনাগুলোর পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

জ্বালানি, সড়ক ও রেলওয়ে বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে প্রোটোকল নির্দেশিকা পর্যালোচনা এবং এক মাসের মধ্যে এ বিষয়ে উপযুক্ত সংশোধনী পরামর্শ দিতে নির্দেশ দেয়া হয়েছে।

Share this post

scroll to top