আদালত প্রাঙ্গণে চড়-থাপ্পড়, দৌড়ে রক্ষা পেলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ  জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদ্রসা ছাত্র হাফেজ সোলাইমান হত্যাকাণ্ডের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে সিআইডি সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে সকালে সাবেক আইনমন্ত্রীকে কড়া নিরাপত্তায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় আইনজীবীদের একাংশ আনিসুল হককে চড়-থাপ্পড় দিয়ে ধাওয়া করে। পুলিশ দ্রুত তাকে নিয়ে দৌড়ে নিরাপদ স্থানে নিয়ে যায়। পরে প্রিজন ভ্যানে তুলে নারায়ণগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয় আনিসুল হককে।

পুলিশ জানিয়েছে, গত ৫ অগাস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুলিবিদ্ধ হন সোলাইমান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়।

এ ঘটনায় ২২ অগাস্ট সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করেন সোলাইমানের ভগ্নিপতি শামীম কবির। মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, দীপু মনি, আনিসুল হক, ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি শামীম ওসমানসহ ৫১ জনকে আসামি করা হয়েছে।

Share this post

scroll to top