নতুন বছরের বার্তা একটাই, ভোট বর্জন করুন: ফারুক

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আর ৬ দিন সময় আছে, আরো কর্মসূচি দেবে বিএনপি। নতুন বছরের বার্তা একটাই, ভোট বর্জন করুন, ঘরে থাকুন। ৭ তারিখের নির্বাচনে যাবেন না।

সোমবার সকালে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে দুর্নীতি দমন কমিশন পর্যন্ত 'নির্বাচন বর্জনসহ একদফা দাবিতে' গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

নতুন বছরের পহেলা জানুয়ারিতে অবৈধ ভোট বর্জনের শপথ নিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, বার্তা একটাই। বাংলাদেশের অবৈধ সরকারের অধীনে, এক দলীয় সরকারের অধীনে নির্বাচন বর্জনের যে আহ্বান বিএনপি ও সমমনা দলগুলো দিয়েছে তা প্রতিফলন ও বাস্তবায়নের জন্য আমরা শপথ নিয়েছি।

তিনি বলেন, বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচির সপ্তম দিনে প্রমাণিত হয়েছে, বাংলাদেশ মানুষ অগ্রহণযোগ্য এই নির্বাচন ভোট বর্জনের মাধ্যমে প্রতিহত করবে। আগামী ৭ তারিখে ৬ থেকে ৭ শতাংশ যে ভোটারের অংশগ্রহণে যে নির্বাচন হবে- জনগণক সেটিও গ্রহণ করবেন না, ভোটকেন্দ্রে যাবে না, বর্জন করবে। আর বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোও এই অবৈধ নির্বাচন গ্রহণ করবে না।

বিএনপির পক্ষ থেকে বিদেশি রাষ্ট্রদূত ও কূটনৈতিকদের কাছে ভোট বর্জনের চিঠি দেয়া হয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফারুক বলেন, বাংলাদেশে মানবাধিকার যেভাবে লঙ্ঘিত হচ্ছে। বারবারই বিএনপি এই বিষয়ে বিদেশি রাষ্ট্রদূত, জাতিসংঘসহ সব জায়গায়ই গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের জন্য, নির্যাতন বন্ধের জন্য চিঠি দিচ্ছে। আর দিতেই পারে। যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আন্দোলনে ও সংগ্রাম করে যাচ্ছি।


জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top