পিয়ন থেকে যুবলীগের দফতর সম্পাদক গোপালী কাজী আরিফ এখন ৩শ কোটি টাকার মালিক।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  কেন্দ্রীয় যুবলীগের কার্যালয়ে পিয়ন হিসেবে তিনি যোগ দেন ২০০৫ সালে। বেতন ছিল মাসে ৫ হাজার টাকার মতো। অবিশ্বাস্যভাবে মাত্র সাত বছরের মধ্যে তিনিই বনে যান কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক।বনে গিয়ে থামেননি, এখন তিনি বনের রয়েল বেঙ্গল টাইগার।

তিনি এখন একাধিক গাড়ি-বাড়ি, ফ্ল্যাট ও জমির মালিক। সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর আনুকূল্যে রাতারাতি জীবনধারা বদলে যাওয়া যুবলীগের আলোচিত এই নেতার নাম কাজী আনিসুর রহমান।

জানা গেছে, ২০০৫ সালে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে চাকরি হয় আনিসের। অফিসের পিয়নের কাজের পাশাপাশি কম্পিউটার অপারেটর ছিলেন তিনি। এতে করে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি কার্যালয়ে আসা তৃণমূল নেতাদের সঙ্গেও পরিচয়ের সুযোগ হয় তার। কম্পিউটারে নিয়মিত সারা দেশের সব যুবলীগ কমিটির তালিকা তৈরি করতে গিয়ে সব তথ্য তার নখদর্পণে চলে আসে। মুখস্থ বলে দিতে পারতেন যেকোনো কমিটির নেতার নাম। এসব কারণেই চেয়ারম্যানের ঘনিষ্ঠ হয়ে যান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় যুবলীগের এক নেতা বলেন, ২০১২ সালে যুবলীগের নতুন কমিটি গঠনের সময় তিনি নিজেও আনিসকে একটা সদস্যপদ দিতে সুপারিশ করেছিলেন। কিন্তু আনিস পেয়ে যান উপ-দপ্তর সম্পাদকের পদ। দপ্তর সম্পাদক পদটি শুরু থেকেই খালি ছিল, ছয় মাসের মধ্যেই সেটাও পেয়ে যান।

যুবলীগের কয়েকজন নেতা জানান, আনিস থাকতেন টিকাটুলী এলাকায়। কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ার পর চেয়ারম্যানের কাছাকাছি থাকার জন্য ধানমন্ডিতে ভাড়া বাসা খোঁজেন। কিন্তু ভাড়া না নিয়ে ১৫ নম্বর সড়কে প্রায় আড়াই হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট কিনে নেন। এখানেই আছেন প্রায় সাড়ে তিন বছর। গতকাল রোববার ওই বাড়িতে গেলে ফ্ল্যাট মালিকদের তালিকায় তার নাম দেখা যায়। নিরাপত্তারক্ষীরা জানান, মালিক এখানে থাকেন না, ভাড়াটে থাকেন।

বর্তমানে রাজধানীর ধানমন্ডির ১০/এ সড়কের এক বাড়ির একটি ফ্ল্যাটে থাকেন কাজী আনিস। গতকাল সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, যুবলীগের নেতা-কর্মীরা একের পর এক ভেতরে ঢুকছেন এবং বের হচ্ছেন। নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফ্ল্যাটটি আনিসুর রহমানের নিজের। প্রতিদিন শত শত মানুষ গাড়ি, মোটরসাইকেল নিয়ে তার সঙ্গে এখানে দেখা করতে আসেন।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাবড়াসুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ফায়েকুজ্জামান (ফায়েক কাজী) কাজীর চার সন্তানের মধ্যে বড় ছেলে কাজী আনিসুর রহমান। ২০০১ সালে ঢাকায় এসে প্রথমে পোশাক তৈরির কারখানায় চাকরি নেন। এরপর ২০০৫ সালে এলাকার এক নেতার মাধ্যমে চাকরি নেন যুবলীগের কার্যালয়ে।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাবড়াসুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে আনিসের বাড়িতে গিয়ে দেখা যায়, বড় আকারের লোহার গেট পার হলেই সুন্দর লন। এক পাশে দৃষ্টিনন্দন পানির ফোয়ারা। আরেক পাশে গোলটেবিল ও চেয়ার সাজানো। এরপর মূল তিনতলা বাড়ি, যার মূল ফটক বিভিন্ন পাথরে সাজানো। তিনতলায় কাজ চলছে।

আনিসের মা হোসনে আরা বেগম বলেন, ‘আগে পাঁচ-ছয় বিঘা জমি ছিল। গত ৪ বছরে আরও জমি কিনেছি। এই বাড়ি করেছি, পেট্রলপাম্প এবং তার পাশের জমি কিনেছি।’

গ্রামের সবুর মোল্লা বলেন, ‘বাড়িতে ছিল একটা টিনের ঘর। চার বছরে আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে। মনে হয়, আলাদিনের চেরাগ পেয়েছে।’

ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর মা ফিলিং স্টেশনে কথা হয় আনিসের বাবা ফায়েক কাজীর সঙ্গে। তিনি সেনাবাহিনীর সৈনিক ছিলেন, ১৯৯৪ সালে অবসর নেন। ৭ লাখ টাকা পেয়ে কিছু জমি কেনেন। পরে কিছু বিক্রিও করে দেন। তবে গত কয়েক বছরে জমি কেনা, পেট্রলপাম্প কেনার টাকার উৎস নিয়ে কিছু বলতে চাননি তিনি। ৩৪ লাখ টাকায় ২০১৬ সালে পেট্রলপাম্প কেনেন বলে দাবি করেন।

তবে নাম প্রকাশ না করার শর্তে ওই গ্রামের এক বাসিন্দা বলেন, আনিস যুবলীগের পদ পাওয়ার পরই তাদের উত্থান শুরু। পেট্রলপাম্প প্রায় দেড় কোটি টাকা দিয়ে কিনেছেন। পাশেই ৫ একর জায়গা আছে তাদের কেনা। এ ছাড়া ঢাকায় আনিসের তিনটি বাড়িতেই তিনি গেছেন।

সম্পদের বিবরণী পেয়ে তার অর্থের উৎস সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানা গেছে, চাঁদাবাজি, দরপত্র থেকে কমিশন ও যুবলীগের বিভিন্ন কমিটিতে পদ-বাণিজ্য করেই বিত্তবৈভব গড়ে তুলেছেন কাজী আনিস।

গত শনিবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সরদার মোহাম্মদ আলী ওরফে মিন্টু। পোস্টটি শেয়ার করেন ২৮৯ জন। তিনি বলেন, কমিটি বাণিজ্য করে বিপুল ধনসম্পদের মালিক হয়ে গেছেন আনিস। যুবলীগ চেয়ারম্যানের ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে এসব অপকর্ম করে যাচ্ছেন একসময়ের এই কম্পিউটার অপারেটর।

এসব অভিযোগ নিয়ে কেন্দ্রীয় যুবলীগ ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাতজন নেতা অভিযোগের সত্যতা নিশ্চিত করলেও কেউ নিজেদের নাম প্রকাশ করতে রাজি হননি।

নেতারা আরও অভিযোগ করেন, আনিসের বিরুদ্ধে কথা বলে টেকা কঠিন। বিভিন্ন ইউনিটে বছরের পর বছর সম্মেলন না করে আহ্বায়ক কমিটি দিয়ে চালানো হচ্ছে। টাকার বিনিময়ে এসব আহ্বায়ক কমিটি বানানো ও দীর্ঘদিন বহাল থাকার সুযোগ করে দিচ্ছেন আনিস। আনিসের দাপটে পুরোনো অনেক নেতা যুবলীগে নিষ্ক্রিয় হয়ে আছেন।

সার্বিক বিষয় নিয়ে কাজী আনিসুর রহমানের সঙ্গে গতকাল সন্ধ্যায় যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
তার স্ত্রী সুমি রহমান বলেন, সকাল সাড়ে ১০টায় বাসা থেকে বের হয়ে চেয়ারম্যান স্যারের অফিসে গেছেন আনিস। তাঁকে নামিয়ে দিয়ে গাড়ি চলে এসেছে। কিন্তু বেলা দুইটা থেকে ফোন বন্ধ পাচ্ছেন। কোনো খবর পাচ্ছেন না।

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি। যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন, কাজী আনিসের খোঁজ নিতে তাকেও কয়েকজন ফোন করেছেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top