ঝিনাইদহে ডাকাতদের অস্ত্রের আঘাতে সেনা সদস্য নিহত

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ঝিনাইদহে ডাকাতদলের দায়ের কোপে সাইফুল ইসলাম (৩২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। তিনি টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসের মেডিকেল কোরের ল্যান্স-কর্পোরাল ছিলেন। নিহত সাইফুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের হাবিবুর রহমান হাবুর ছেলে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বংকিরা গ্রামের হাওনঘাটা নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, শনিবার রাতে তারা চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজার থেকে সাইফুলের শ্বশুর ছামছুল ইসলামকে সঙ্গে নিয়ে তিনজন এক মোটরসাইকেলে নিজ গ্রাম বংকিরা ফিরছিল। বাড়ির কাছাকাছি হাওনঘাটা মাঠের মধ্যে পৌঁছালে ১০/১২ জনের একদল ডাকাত জাম গাছ কেটে রাস্তা গতিরোধ করে। এ সময় ডাকাতদলের সঙ্গে সাইফুলের বাদানুবাদের এক পর্যায়ে তার হাত ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান হাসপাতালে ছুটে যান। দ্রুত হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চালছে বলে জানান।

সাইফুল গত ১৭ আগস্ট দশদিনের ছুটি নিয়ে বাড়িতে আসেন।

নিহতের ভাই নৌবাহিনীর সদস্য মনিরুল ইসলাম জানান, সদর উপজেলার বংকিরা পুলিশ ক্যাম্প থেকে ঘটনাস্থল মাত্র সাতশ' গজ দূরে। তিনি তার ভাইয়ের হত্যকারীদের শাস্তির দাবি জানান।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top