দু’দিন পর জ্যামাইকায় পৌঁছালেন মাশরাফি

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ঢাকা ছেড়েছেন ২ দিন আগে। এই দুইদিনের অধিকাংশ সময় বিমানেই কেটেছে তার। অবশেষে ঢাকা-দুবাই-মিলান-নিউইয়র্ক হয়ে ক্যারিবীয় দীপপুঞ্জের দেশ জ্যামাইকায় পৌঁছেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

১৬ জুলাই মধ্যরাতে (রাত ১টা ৪০ মিনিটে) জ্যামাইকার উদ্দেশ্যে বিমানে ওঠেন মাশরাফি। বাংলাদেশ থেকে জ্যামাইকায় যাওয়ার সরাসরি বিমান নেই। যে কারণে যেতে হয় ভেঙে ভেঙে। মাশরাফির বিমান সফরটা ছিল বেশ দীর্ঘ। ঢাকা থেকে দুবাই। এরপর ইতালির মিলান। সেখান থেকে গেলেন নিউইয়র্ক। নিউইয়র্ক থেকে অবশেষে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৬টায় গিয়ে জ্যামাইকায় পৌঁছেছেন মাশরাফি। সেখানে গিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

মাশরাফি যখন জ্যামাইকায় গিয়ে পৌঁছালেন, তখন রাত। সকাল হলেই প্রস্তুতি ম্যাচ খেলার জন্য ব্যাস্ত হয়ে পড়বে বাংলাদেশ দল। ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচটি খেলবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

স্বাভাবিকভাবেই এই ম্যাচে খেলতে পারছেন না বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি। দীর্ঘ বিমান ভ্রমণের ক্লান্তি কাটাতে নিশ্চয় সময় লাগবে। গ্যালারিতে থেকেই হয়তো সতীর্থদের উৎসাহ দিয়ে যাবেন তিনি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top