ফলাফল প্রস্তুত, আগামী নির্বাচন একটি আনুষ্ঠানিকতা মাত্র: হাছান মাহমুদ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আগামী জাতীয় নির্বাচন অবশ্যই একটি আনুষ্ঠানিকতা মাত্র মন্তব্য করে আওয়ামী লীগ লীগের মুখপাত্র এবং প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন: ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যে বক্তব্য দিয়েছেন তা অবশ্যই সঠিক।’ এ বিষয়ে বিএনপি যে বক্তব্য দিচ্ছে তা পরিহার করার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে মানসিক বিকারগ্রস্থ মন্তব্য করে তিনি বলেন: ‘তিনি মিথ্যাচারে ব্যস্ত রয়েছেন, মানসিকভাবে অসুস্থ্য। তার এখন চিকিৎসার প্রয়োজন।’

‘আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন তা অবশ্যই দেশের সাধারণ জনগণ গ্রহণ করেছে। দেশের মানুষ উন্নয়ন চায়। আওয়ামী লীগ সরকার দেশের ব্যপক উন্নয়ন করছে। তাই ভয়ের যে রাজনীতি তা আমরা জয় করেছি। নির্বাচন অবশ্য এখন আনুষ্ঠানিকতা মাত্র।’

রিজভীকে রাজনীতির ভাষায় কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন: ‘বিএনপি যে গণতন্ত্রের কথা বলেছে, সেটি কী মানুষ পুড়িয়ে মারার গণতন্ত্র? তারা বলছে দেশ অন্ধকারের গহ্বরে চলে যাচ্ছে। আমার প্রশ্ন হলো, দেশ যদি অন্ধকার গহ্বরেই যাবে তাহলে বঙ্গবন্ধুর জন্মদিনে জাতিসংঘ কিভাবে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে স্বীকৃতি দিলো।’

রাজধানীতে কেন বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন: ‘এটা আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়। আমার মনে হয়, তারা এর আগে বিভিন্ন সময় সমাবেশের নামে বিভিন্ন অঘটন ঘটিয়েছে। তাই হয়তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুমতি দিচ্ছে না।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top