ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সম্প্রতি,ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে জাতির উদ্দেশ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর বক্তব্য দাবীতে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
ফ্যাক্টচেকঃ
আমাদের রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেনাপ্রধানের ভাষণের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২৪ সালের জুনে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। উক্ত ভাষণের ভিডিও এটি।
এ বিষয়ে অনুসন্ধানে ২০২৪ সালের ২৪ জুন দেশীয় গণমাধ্যম ATN NEWS এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একই ঘটনার একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, সেনাবাহিনী প্রধানের দায়িত্ব পাওয়ার পর জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন।

ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, শেখ হাসিনাও প্রধানমন্ত্রী ছিলেন। ফলে, তার দেশে ফেরা প্রসঙ্গ এই বক্তব্যে আসা অপ্রাসঙ্গিক।
পরবর্তী অনুসন্ধানে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সাম্প্রতিক সময়ে জাতির উদ্দেশ্যে সেনাপ্রধানের ভাষণ দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ২০২৪ সালে সেনাবাহিনী প্রধানের দায়িত্ব পাওয়ার পর জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যের ভিডিওকে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে সেনাপ্রধানের বক্তব্য দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

