ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক সেনাসদস্য নিহত হয়েছেন। অভিযানে মানবপাচারের শিকার ৫৭ জনকে উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প-২৪ ও ২৬-এর মধ্যবর্তী গহিন পাহাড়ে এ অভিযান চালানো হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের সময় মানবপাচারকারী চক্রের সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলি হয়। এতে এক সেনাসদস্য নিহত হন। এ সময় ৫৭ জনকে উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক রয়েছেন। অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার গান ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ওই পাহাড়ি আস্তানায় অর্ধশতাধিক মানুষকে আটকে রেখেছিল মানবপাচারকারী চক্র। তাদের উদ্ধারে অভিযান চালালে চক্রের সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলি হয়। এ ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পের মো. আলম ও মো. সাদ্দাম ডাকাত জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানান, অস্ত্র উদ্ধার ও মানবপাচারের শিকার ব্যক্তিদের উদ্ধারে জেলা পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য আহত হয়েছেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এস. সাজেদুর রহমান বলেন, পাহাড়ে যৌথ অভিযান এখনো চলছে। অভিযান শেষে বিস্তারিত জানা যাবে।

