ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশ সেনাবাহিনীর বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার (২০ অক্টোবর) কক্সবাজারের ইনানীর এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে সেনাপ্রধান এয়ার ডিফেন্স সক্ষমতা আরও সুসংহত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামরিক সদস্যদের পেশাগত দক্ষতার ধারাবাহিক উন্নয়ন, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং পরিবর্তিত পরিস্থিতিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ সামরিক প্রস্তুতি বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এয়ার ডিফেন্স ফায়ারিংয়ের মাধ্যমে সংশ্লিষ্ট সদস্যদের পেশাগত দক্ষতা, অস্ত্র পরিচালনায় সক্ষমতা এবং আকাশপথের সম্ভাব্য হুমকি মোকাবিলার প্রস্তুতি যাচাই ও উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়। এ ধরনের প্রশিক্ষণ দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরিদর্শনকালে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কক্সবাজার এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদর এবং সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণ ও ফায়ারিং কার্যক্রমের ধারাবাহিকতায় এ আয়োজন সামরিক সদস্যদের পেশাগত উৎকর্ষ সাধন, এয়ার ডিফেন্স সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় প্রতিরক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার গুরুত্বকে তুলে ধরে।

