ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতির বিষয়ে দুই দেশের সরকারের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে করা এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, এখানে আমার একটাই বক্তব্য, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা ভারত সরকারের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য বা স্টেটমেন্ট না আসা পর্যন্ত এসব খবরের আমল না দিতে আমি অনুরোধ করব এবং এ ধরনের সংবাদ না করার জন্যও অনুরোধ করব।
এর আগে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে দাবি করে, ঢাকার প্রস্তাব পাওয়ার পর এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও নয়া দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামকে নিয়োগের বিষয়ে ভারত এখনো সম্মতি দেয়নি।
তাদের ওই প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন দেশে নতুন হাইকমিশনার ও রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া গত জুলাইয়ে শুরু করে বাংলাদেশ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে নয়া দিল্লিতে পরবর্তী হাই কমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামকে পাঠানোর বিষয়ে এক মাসের বেশি সময় আগে ভারতের অনুমোদন চাওয়া হয়।
কূটনৈতিক রীতি অনুযায়ী, কোনো দেশে নতুন রাষ্ট্রদূত বা হাইকমিশনার নিয়োগের আগে সংশ্লিষ্ট দেশের ‘অ্যাগ্রেমা’ বা আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন হয়। ভারতের সেই সম্মতি না পাওয়া পর্যন্ত আসাদ আলম সিয়ামের নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া সম্ভব নয়।
বর্তমানে ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এম রিয়াজ হামিদুল্লাহ। আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে তার নতুন দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। ফলে ভারতের সম্মতি না পাওয়া পর্যন্ত নয়া দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনারের দায়িত্ব নেওয়ার বিষয়টি আটকে থাকছে।

