বিশ্বকাপে আজ মহাতারকাদের মেলা: মাঠে নামছেন মেসি, এমবাপে ও হালান্ড

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ সমর্থকদের জন্য এক রোমাঞ্চকর দিন অপেক্ষা করছে। একই দিনে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, রানার্সআপ ফ্রান্স এবং দীর্ঘ সময় পর বিশ্বকাপে ফেরা নরওয়ের খেলা দেখার সুযোগ তৈরি হয়েছে।

আধুনিক ফুটবলের তিন নক্ষত্র লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও আরলিং হালান্ডের উপস্থিতিতে বিশ্বকাপের ষষ্ঠ দিনটি যেন এক ফুটবল উৎসবে রূপ নিতে যাচ্ছে। দিনের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হিসেবে দেখা হচ্ছে আর্জেন্টিনা ও আলজেরিয়ার লড়াইকে। ২০২২ আসরের চ্যাম্পিয়নরা এবারও শিরোপা ধরে রাখার মিশনে রয়েছে।

৩৯ বছর বয়সী লিওনেল মেসির জন্য এটিই সম্ভবত ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, তাই প্রতিটি ম্যাচেই ফুটবল বিশ্ব তার জাদুর ছোঁয়া দেখতে উন্মুখ হয়ে আছে।

গ্রুপ জে তে আলজেরিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে নকআউট পর্বের পথ সুগম করতে চায় স্কালোনির শিষ্যরা।

 

অন্যদিকে দিনের আরেক ম্যাচে ফ্রান্স মুখোমুখি হবে সেনেগালের। কিলিয়ান এমবাপের নেতৃত্বে ফরাসিরা তৃতীয়বার শিরোপা জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামছে।

তবে সেনেগাল নামটির সাথে ফরাসিদের এক তেতো স্মৃতি জড়িয়ে আছে। ২০০২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এই আফ্রিকান দলটির কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তৎকালীন চ্যাম্পিয়ন ফ্রান্সকে। দীর্ঘ ২৪ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে এই দুই দলের মোকাবিলা ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে।

দিনের অন্য খেলায় নতুন প্রজন্মের গোলমেশিন আরলিং হালান্ডকে ঘিরে বাড়তি উন্মাদনা কাজ করছে। ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া নরওয়ে আজ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ইরাককে। ক্লাব ফুটবলে সাফল্যের চূড়ায় থাকা হালান্ড এবার জাতীয় দলের হয়ে বিশ্বমঞ্চে নিজের প্রভাব বিস্তার করতে চাইবেন।

চলতি বিশ্বকাপের প্রথম কয়েক দিনে শক্তিশালী দলগুলোর হোঁচট খাওয়ার ঘটনা ফুটবলপ্রেমীদের মাঝে রোমাঞ্চ আরও বাড়িয়ে দিয়েছে।

আজকের দিনে মেসি, এমবাপে কিংবা হালান্ডদের জন্য মাঠের লড়াই খুব একটা সহজ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। মাঠের লড়াই শেষেই পরিষ্কার হবে কারা শিরোপার দৌড়ে এগিয়ে থাকবে।

Share this post

scroll to top