ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের একটি বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ প্রসঙ্গে দেওয়া মন্তব্যের স্পষ্ট ব্যাখ্যা জানতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে আসা দিনেশ ত্রিবেদীর একটি বক্তব্য তার নজরে এসেছে। তিনি বলেন, ‘‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বলতে তিনি কী বুঝিয়েছেন, সরকারের উচিত তার কাছ থেকে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া।’
জামায়াত আমির আরও বলেন, ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই এ ধরনের বক্তব্যের অর্থ পরিষ্কার না হলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।
তিনি সরকারের কাছে বিষয়টি দ্রুত পরিষ্কার করার আহ্বান জানিয়ে বলেন, আমরা সরকারের কাছে এ বিষয়ে সুরাহা চাই। যদি তিনি আক্ষরিক অর্থেই এমন কিছু বুঝিয়ে থাকেন, তাহলে তা অবশ্যই নিন্দনীয়। বিষয়টি স্পষ্ট হওয়া দরকার।
ডা. শফিকুর রহমানের মতে, দুই দেশের সম্পর্ক ও কূটনৈতিক সৌজন্যের স্বার্থেই এ ধরনের বক্তব্যের ব্যাখ্যা জনসম্মুখে তুলে ধরা উচিত।




