বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে ২৭কিঃমিঃ জমি দিল পশ্চিমবঙ্গ সরকার

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের লক্ষ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) আনুষ্ঠানিকভাবে ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গের নবগঠিত রাজ্য সরকার।

বুধবার প্রশাসনিক ভবন নবান্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই তথ্য নিশ্চিত করেন।

বিধানসভা নির্বাচনে জয়ের পর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় এসেই সীমান্ত সুরক্ষায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে।

গত ১১ মে নবান্নে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভার বৈঠকে বিএসএফকে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী জমি হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয় ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে।

 

সংবাদ সম্মেলনে শুভেন্দু অধিকারী উল্লেখ করেন যে, বাংলাদেশের সঙ্গে ভারতের মোট ৪ হাজার কিলোমিটার সীমান্তের মধ্যে ২ হাজার ২০০ কিলোমিটারই পশ্চিমবঙ্গের আওতায়। এর মধ্যে প্রায় ১৬০০ কিলোমিটার এলাকায় কাঁটাতার থাকলেও বাকি ৬০০ কিলোমিটার সীমান্ত এখনও অরক্ষিত।

পূর্ববর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, তোষণের রাজনীতির কারণে এতদিন এই জমি হস্তান্তর করা হয়নি।

প্রাথমিক পর্যায়ে ২৭ কিলোমিটার জমি হস্তান্তরের মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও জানান যে, এই দীর্ঘ সীমান্ত এলাকাকে সুরক্ষিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে। বিএসএফকে সহযোগিতা করতে দক্ষ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যারা নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) আওতাভুক্ত নন, তাদের গ্রেপ্তার করে সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে এবং দেশ থেকে বের করে দেওয়া হবে। এই আইনটি বুধবার থেকেই কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সীমান্তে জিরো পয়েন্টের ১৫০ গজের ভেতর কোনো স্থাপনা নির্মাণের ক্ষেত্রে আন্তর্জাতিক চুক্তি অনুসরণের বিষয়টিও আলোচনায় আসে।

Share this post

scroll to top