ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর চরম বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি সরকারের নতুন মন্ত্রী অগ্নিমিত্র পাল। তিনি দাবি করেছেন, বিজেপি ক্ষমতায় আসায় পশ্চিমবঙ্গ ‘পশ্চিম বাংলাদেশে’ পরিণত হওয়া থেকে রক্ষা পেয়েছে।
শনিবার (৯ মে) নতুন সরকার গঠনের পর মন্ত্রী হিসেবে শপথ নেন অগ্নিমিত্র পালসহ বিজেপির একাধিক নেতা। এদিন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শপথ নেয়ার পর ভারতীয় বার্তাসংস্থা আইএএনএস-কে দেয়া সাক্ষাৎকারে অগ্নিমিত্র পাল বলেন, আমি এখনও বিশ্বাস করতে পারছি না আমরা এ সংগ্রামে সফল হয়েছি। ২৩টি পুলিশি মামলা, অপমান, অত্যাচার, আমাদের কাজ করতে না দেয়া, কর্মীদের মারধর, ধর্ষণ ও পুড়িয়ে দেয়ার মতো ঘটনা ঘটেছে। এখনও মাঝে মাঝে নিজের গায়ে চিমটি কেটে দেখি, সত্যিই কি আমাদের সরকার হয়েছে।
অগ্নিমিত্র পালের এ মন্তব্য ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ‘পশ্চিম বাংলাদেশ’ প্রসঙ্গ টেনে তার বক্তব্যকে উসকানিমূলক বলেও মন্তব্য করছেন অনেকে।


