ত্রিশালে আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স হবে : সেনাপ্রধান

ক্যাপ্টেন(অবঃ) মারুফ রাজুঃ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে বিওএ ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নিয়েছে। 

সোমবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং নৌ ও বিমানবাহিনীর প্রধানরা অংশ নেন।

এ সময় বিওএ-এর সভাপতি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁর স্বাগত বক্তব্যে উপস্থিত অতিথিদের উদ্দেশে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান এবং দেশের ক্রীড়া অঙ্গনের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

পরে প্রতিমন্ত্রী তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে দেশের ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সরকারের আন্তরিকতা এবং পরিকল্পনার বিষয়ে আলোকপাত করেন।

ইফতার মাহফিলে বিওএর কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যরা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা ও প্রতিনিধিরা, সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জাতীয় ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকরাসহ অন্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top