ঢাকা-৮ আসনে কেন্দ্র দখল ও কারচুপির আশঙ্কা মির্জা আব্বাসের

ক্যাপ্টেন(অবঃ) মারুফ রাজুঃ ঢাকা-৮ আসনের ভোটকেন্দ্র দখল এবং নির্বাচনি কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। 

মির্জা আব্বাস দাবি করেন, তার নির্বাচনি এলাকায় জামায়াত-শিবির এবং এনসিপির কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে তার ধারণা। 

তিনি বলেন, “ফকিরাপুল ও আরামবাগের বিভিন্ন মেস এবং হোস্টেলে জামায়াত-শিবিরের কর্মীরা সশস্ত্র অবস্থান নিয়েছে। তারা কাল সকালে ভোটকেন্দ্রে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।”  
নির্বাচনে যেকোনও ধরনের অনিয়মের চেষ্টা শক্ত হাতে মোকাবিলা করা হবে জানিয়ে মির্জা আব্বাস বলেন, “এনসিপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা দলবলে দলবলে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে। ওখানে গিয়ে কী করছে বোঝা কঠিন। জনগণ ও আমাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় তাদের আটকও করেছে। অনেক জায়গায় তারা পালিয়ে গেছে।” 

নিজের আসন নিয়ে আগে থেকেই ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর ছক কষা হয়েছে বলে দাবি করেন এই জ্যেষ্ঠ বিএনপি নেতা। তিনি বলেন, “আমি বারবার কারচুপির আশঙ্কার কথা বলে আসছি। আমরা সুষ্ঠু নির্বাচন চাই।”

Share this post

scroll to top