বিচ্ছিন্ন ঘটনায় বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ বিচ্ছিন্ন ঘটনায় বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘মিডফোর্ডের ঘটনায় সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিচ্ছিন্ন ঘটনায় বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি, এটা নোংরা রাজনীতির চর্চা।'

‘‌বিএনপি ও এর অঙ্গ-সহযোগি সংগঠন কোনো অপরাধীকে কখনো প্রশ্রয় দেয় না’ উল্লেখ করে দলটির প্রভাবশালী এই নেতা বলেছেন, ‘‘এ ক্ষেত্রে বিএনপির অবস্থান ‘জিরো টলারেন্স’।’

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে শুক্রবার (১১ জুলাই) রাতে গণমাধ্যমকে সালাউদ্দিন আহমেদ বলেন, ‘রাজধানীর মিটফোর্ট হাসপাতালের মূল ফটকে সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে হত্যার ঘটনায় যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অভিযুক্ত সদস্যদের আজীবন বহিস্কার করা হয়েছে।’

অন্যদিকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এক বিবৃতিতে জানিয়েছেন, এ ঘটনায় দায়ের করা মামলার আসামী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ূ বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে আজীবন বহিস্কার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বহিস্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয় বিবৃতিতে।

উল্লেখ্য, গত ৯ জুলাই (বুধবার) বিকেল আনুমানিক ৬টার দিকে রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে প্রকাশ্য রাস্তায় লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যার ঘটনায় এ পর্যন্ত অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Share this post

scroll to top