দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ: তারেক রহমান

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানী ঢাকায় অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ— সবার আগে বাংলাদেশ।’ স্লোগানে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেছেন।

আজ বুধবার (২৮ মে) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই স্লোগান দেন। 

দেশপ্রেম ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার উপর জোর দিয়ে দলের নেতাকর্মীদের সেই চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘প্রিয় দেশবাসী, প্রিয় সমাবেশ, প্রিয় ভাই-বোনেরা, এবার আমি আপনাদের সামনে একটি ছোট্ট স্লোগান তুলে ধরতে চাই। মন দিয়ে দয়া করে সবাই শুনবেন। প্রথমে আমি স্লোগানটি বলব, মন দিয়ে শুনবেন। এরপর দ্বিতীয়বার আবার বলব, তখন আপনারা সকলে আমার সঙ্গে একসঙ্গে বলবেন।’

এরপর তিনি স্লোগানটি উচ্চারণ করেন—‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবার আগে বাংলাদেশ।’

বিএনপির এই কর্মসূচিতে বিপুলসংখ্যক তরুণ-তরুণী, দলীয় নেতাকর্মী এবং সমর্থকেরা অংশ নেন। বক্তৃতার মাধ্যমে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, তরুণরাই বদলে দিতে পারে আগামীর বাংলাদেশ। লাখো তরুণের প্রত্যাশিত বাংলাদেশ তরুণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে, তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে আগামীর কর্মপরিকল্পনা গ্রহণ করছে বিএনপি।

Share this post

scroll to top